
দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি ও কর্মসংস্থানের সংকটের কারণে দেশে ৮০ লাখ থেকে ১ কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। এ পরিস্থিতি থেকে উত্তরণে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
বুধবার রাজবাড়ী পৌরসভা মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন রাশেদ আল মাহমুদ তিতুমীর। জেলা প্রশাসন আয়োজিত এ সভায় রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া উপস্থিত ছিলেন।
সভায় অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, ‘আমরা ক্রান্তিকাল অতিক্রম করছি। উত্তরাধিকার সূত্রে একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছি। দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতির কারণে বিশেষ করে নিম্নবিত্ত ও মধ্যবিত্তের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে। হিসাব অনুযায়ী, ৮০ লাখ থেকে ১ কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে।’
তিনি বলেন, মূল্যস্ফীতির সঙ্গে খাপ খাওয়াতে অনেক মানুষ সঞ্চয় ভাঙতে বাধ্য হচ্ছেন। আবার অনেকে ঋণ নিয়ে চলছেন। বেসরকারি খাতে বিনিয়োগের দুরবস্থার কারণে কর্মসংস্থানের সংকট বাড়ছে। পাশাপাশি যুব বেকারত্ব ও শিক্ষিত বেকারত্ব বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এর সঙ্গে মধ্যপ্রাচ্যের সংকটের কারণে জ্বালানির দাম বৃদ্ধি অর্থনীতির ওপর বাড়তি চাপ তৈরি করেছে।
দারিদ্র্য পরিস্থিতির উন্নতি ও মানুষের জীবনে স্বস্তি ফেরাতে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো উদ্যোগ সহায়ক হবে বলে মনে করেন এ উপদেষ্টা।
কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, শিক্ষিত তরুণদের বেকারত্ব কমাতে দক্ষতা উন্নয়নের বিকল্প নেই। এ জন্য শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে হবে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো শিক্ষা খাতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ শতাংশ ব্যয় করা হবে। ২০৩০ সালের মধ্যে পর্যায়ক্রমে এ ব্যয় জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
স্বাস্থ্য খাতের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, দক্ষ জনশক্তি গড়ে তোলার পাশাপাশি সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ে তোলাও জরুরি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো ২০ শয্যায় উন্নীত করা হয়েছিল। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময়ে তা ৫০ শয্যায় উন্নীত করা হয়। এখন উপজেলা পর্যায়ে ১৫১ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
অর্থসূচক/
The post দেশে দারিদ্র্যসীমার নিচে নেমেছে ১ কোটি মানুষ: তিতুমীর appeared first on অর্থসূচক.
