ভারতের মাটিতে স্বাগতিক দলের বিপক্ষে নিজেদের পারফরম্যান্সে খুশি ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন সামি। ওয়ানডে সিরিজ ১-২ ব্যবধানে হারলেও টি-টোয়েন্টি সিরিজ ২-২ ব্যবধানে ড্র করেছে শাই হোপের দল। উইন্ডিজ কোচের প্রত্যাশা, টানা দুবারের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ীদের বিপক্ষে এই সাফল্য ক্যারিবীয় ক্রিকেটের আর্থিক সংকট কাটাতে সহায়তা করবে।
ভারতের মাটিতে ভারতীয় দলের বিপক্ষে এই সাফল্যের আলাদা তাৎপর্য দেখছেন সামি। তাঁর মতে, এই সাফল্য বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে পারে। সেই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটে আর্থিক টানাপোড়েনের সমস্যাও কিছুটা কমতে পারে।
আশাবাদী সামি বলেন, ‘আমার মা সব সময় বলতেন, তোমাদের আরও যত্নশীল হতে হবে। জীবনে যা-ই করবে, যত্নশীল মনোভাব নিয়ে করবে। আমার মনে হয়, আমরা এখন এমন একটা জায়গায় রয়েছি, যেখানে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটকে আর্থিকভাবে সাহায্য করার জন্য কাউকে প্রয়োজন। ভারতের মতো বিশ্বসেরা দলের বিরুদ্ধে এই ধরনের সিরিজ সেই সম্ভাবনা অনেকটা বাড়িয়ে দেয়। আমাদেরও আলোচনার মধ্যে নিয়ে আসে।’
ভারত ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটীয় বাস্তবতার কথাও অকপটে বলেছেন ক্যারিবীয় এই কোচ। তিনি বলেন, ‘ভারত যতবার বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় খেলবে, ততবারই জেতার আশা নিয়ে মাঠে নামবে। কারণ, ভারতের যথাযথ পরিকল্পনা রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের ক্ষেত্রে বিষয়টা অন্য রকম। আমাদের অনেক প্রতিকূলতার সঙ্গে লড়াই করে ভালো পারফর্ম করতে হয়। একদিকে প্রয়োজনীয় ব্যবস্থাগুলো নেওয়া হয়, উপযুক্ত পদক্ষেপগুলো করা হয়। অন্যদিকে, আমাদের সামনে নানা প্রতিকূলতা ও বাধা রয়েছে। তা-ও আমরা নিজেদের কাজটা করে যাচ্ছি। আশা করি, এই সিরিজের সুফল আমরা পাব।’
সামির আশা, ভারতের বিপক্ষে এই সাফল্যে তারা আর্থিকভাবে উপকৃত হতে পারবেন। ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক বলেন, ‘এই সিরিজের ফল আমাদের সঙ্গে যুক্ত বিভিন্ন পক্ষ ও স্পনসরদের সঙ্গে আলোচনাকে আরও ইতিবাচক করবে। বিনিয়োগের পরিমাণ কিছুটা বাড়তে পারে। তাতে আমরা আর্থিকভাবে কিছুটা হলেও ভালো অবস্থানে পৌঁছাব।’
ভারতের বিপক্ষে এই সাফল্যের জন্য আলাদা করে কাউকে কৃতিত্ব দিতে চাননি সামি। তিনি দলগত পারফরম্যান্সের কথা বলেছেন। তবে টি-টোয়েন্টি সিরিজের ক্ষেত্রে দুই স্পিনার রোস্টন চেজ ও গুডাকেশ মোতির কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘পিচ ব্যাটিং-সহায়ক ছিল। তবু ওরা ভালো বল করেছে। ওদের বলে খুব বেশি বাউন্ডারি হয়নি। ওদের অনেক বলেই রান হয়নি। এই কৃতিত্বটা ওদের।’
