ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক বিভাজন সৃষ্টি করা কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, রাজনীতির মাধ্যমে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা থেকে সবাইকে বিরত থাকতে হবে।
মঙ্গলবার (২০ অক্টোবর) টাঙ্গাইলের ধনবাড়ীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৩৬টি পূজামণ্ডপে ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ সহায়তা এবং সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে পাওয়া শাড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দুর্গাপূজাসহ সব ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ, আনন্দমুখর ও সম্প্রীতির পরিবেশে উদ্যাপনের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে। সনাতন ধর্মাবলম্বীদের সুখে-দুঃখে পাশে থাকা এবং প্রয়োজনীয় সহযোগিতা করা সবার দায়িত্ব।
ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি এসএমএ সোবাহান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, হিন্দু ঐক্যফ্রন্টের সভাপতি নিরঞ্জন চন্দ্র সাহাসহ স্থানীয় বিএনপি নেতারা, সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।
এর আগে মন্ত্রী মধুপুর উপজেলা পরিষদে নবনির্মিত পরিদর্শন কক্ষ উদ্বোধন করেন। পরে ধনবাড়ী উপজেলা পরিষদ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।
