টাইগার শ্রফ মূল টার্গেট নন?ছবি: সংগৃহীত
Published on
:
1 min read
বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে নতুন তথ্য। এ বার মুম্বই ক্রাইম ব্রাঞ্চের দাবি, টাইগার শ্রফ হামলাকারীদের প্রথম নিশানা ছিলেন না। তাঁদের পরিকল্পনায় ছিলেন অন্য এক প্রভাবশালী বলিউড তারকা। কিন্তু ওই তারকার নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কড়া হওয়ায় তাঁকে আক্রমণ করতে পারেনি অভিযুক্তরা। শেষ পর্যন্ত অপেক্ষাকৃত সহজ লক্ষ্য ভেবে টাইগার শ্রফকে নিশানা করে তারা।
মুম্বই ক্রাইম ব্রাঞ্চের বক্তব্য অনুযায়ী, তিন অভিযুক্ত প্রথমে অন্য এক পরিচিত বলিউড তারকাকে আক্রমণের পরিকল্পনা করেছিল। কিন্তু নিরাপত্তার কড়াকড়ির কারণে সেই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এরপরই তাদের নজর পড়ে টাইগার শ্রফের উপর। যদিও ঠিক কোন তারকাকে প্রথমে নিশানা করা হয়েছিল, সে বিষয়ে পুলিশের প্রকাশিত বক্তব্যে নাম জানানো হয়নি।
হামলার নেপথ্যে সঠিক উদ্দেশ্য কী ছিল, কার নির্দেশে এই পরিকল্পনা করা হয়েছিল এবং অভিযুক্তদের সঙ্গে আরও কারা যুক্ত রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। গোটা ঘটনায় একাধিক সূত্রের ভূমিকা রয়েছে কি না, তা-ও তদন্তের আওতায়।
এই হামলার পর লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের তরফে দায় স্বীকারের দাবি সামনে আসে। সেই সঙ্গে টাইগার শ্রফের সঙ্গে সলমন খানের সম্পর্কের প্রসঙ্গও উঠে আসে। তবে হামলার নেপথ্যে গ্যাংয়ের প্রকৃত ভূমিকা এবং পরিকল্পনার সঙ্গে কারা যুক্ত, তা তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে।
