ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তরিকুল ইসলাম মারা গেছেন। আজ মঙ্গলবার বিকেলে ঝিনাইদহ সদর হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক তন্ময় সাহা জয়।
জানা গেছে, তরিকুলের শ্বাসকষ্টের সমস্যা ছিল। এদিন হঠাৎ করে তরিকুল ইসলামের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর বাড়ি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায়। তিনি পড়াশোনার পাশাপাশি ইন্টার্নশিপ করছিলেন।
এ বিষয়ে বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক তন্ময় সাহা জয় বলেন, গত রাতে তরিকুলের শ্বাসকষ্ট মারাত্মকভাবে বেড়ে যায়। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার পর তাঁকে হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি আরও বলেন, তরিকুলের বাবা স্ট্রোক করে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
