“পাইকগাছায় বৃদ্ধ সাকাত দম্পতির মানবেতর জীবন যেনো ভাঙ্গা ঘরে অনিশ্চিত ভবিষ্যৎ” এমন শিরোনামে পত্র পত্রিকাসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় খবর প্রকাশের পর সেই অসহায় সাকাত মোড়লের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তার হাত বাড়িয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, বর্তমান খুলনা জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মের যুগ্ম আহ্বায়ক ও ৭ নং ওয়ার্ডের মেম্বার পদ প্রার্থী মোঃ সুমন আহমেদ।
তিনি শুক্রবার বিকেলে স্থানীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে ছুটে চলে যান সেই অসহায় সাকাত মোড়লের বাড়ি। সেখানে গিয়ে তিনি সাকাত মোড়লের জমে থাকা কষ্টের কথা শুনেন। এছাড়াও তার ভাঙ্গা ঘরটি ঘুরে ঘুরে দেখে তার পক্ষ থেকে নগত সামান্য অর্থ সহায়তা প্রদান করেন।
এ সময় তিনি বলেন, আমি স্যোশাল মিডিয়ায় দেখতে পাই সাকাত মোড়লের মানবেতর জীবনযাপন। সেই খবরটি দেখতে পেয়েই আজ সরজমিনে এসেছি সাকাত পরিবারকে দেখতে। এসে দেখলাম সত্যিই সাকাত মোড়ল বর্তমানে অসুস্থ স্ত্রী আনোয়ারা বেগমকে নিয়ে অসহায় হয়ে মানবেতর জীবন যাপন করছে। তাই আমার পক্ষ থেকে সামান্য সহায়তা প্রদান করেছি মাত্র। তিনি আরও বলেন, আসুন আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে যতটুকু পারি এই অসহায় পরিবারকে সহায়তা দিয়ে তার পাশে দাড়াই। হয়তো আপনার আমার একটু সাহায্য সহযোগিতায় মাথা গোঁজার ঠাঁই হিসেবে একটি নতুন ঘরের মুখ দেখতে পারেন এই অসহায় পরিবারটি।
এছাড়াও তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বানও জানান।
উল্লেখ্য: জীবনযুদ্ধে একা লড়াই করে বর্তমানে অসুস্থ স্ত্রীকে নিয়ে জরাজীর্ণ একটি ভাঙ্গা ঘরে বসবাস করছেন খুলনার পাইকগাছা উপজেলার ২নং কপিলমুনি ইউনিয়নের সিলেমানপুর গ্রামের বাসিন্দা ৭০ বছরের বৃদ্ধ মোঃ সাকাত মোড়ল।
বর্তমানে এই বৃদ্ধ দম্পতির বসবাসের ঘরটির একটি অংশ ভেঙে পড়েছে আর যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে বাকি অংশটুকুও। মাথার উপর ফাটা টিন, মাটির ভাঙ্গা টালি আর পলিথিনের ছাউনি, মাটির দেয়াল জরাজীর্ণ, বাঁশের অবলম্বন আর পলিথিনের বেড়ায় যেন দারিদ্র্যের এক বাস্তব চিত্র।
এদিকে এমন অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়ে মানবতার এক দৃষ্টান্ত স্থাপন করেছেন ইউপি সদস্য পদ প্রার্থী সুমন আহমেদ এমনটাও জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
এছাড়াও এই অসহায় পরিবারটি যাতে একটি নতুন ঘর পেতে পারে তার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
The post পাইকগাছায় অসহায় সাকাত পরিবারের পাশে দাঁড়ালেন ইউপি সদস্য পদ প্রার্থী সুমন: বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান appeared first on Dhaka Protidin.
