পাবনার ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নে সার ডিলার নিয়োগ নিয়ে মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর পাঠশালা মোড় এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মেসার্স সবুজ সাথী কীটনাশক বিতান ও ন্যাপ এগ্রো কেমিক্যাল লিমিটেডের স্বত্বাধিকারী এবং ঈশ্বরদী উপজেলা বালাইনাশক অ্যাসোসিয়েশনের সভাপতি নিজাম উদ্দিন।
লিখিত বক্তব্যে নিজাম উদ্দিন বলেন, তিনি কারও ব্যক্তিগত সুপারিশে কিংবা অনৈতিক উপায়ে সার ডিলারশিপ পাননি। সরকারের নির্ধারিত নীতিমালা অনুসরণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাই-বাছাইয়ের মাধ্যমে তাঁর প্রতিষ্ঠানের নামে ডিলারশিপের সুপারিশ করা হয়েছে। ঈশ্বরদী উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটি তাঁর প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে সুপারিশ পাঠিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
নিজাম উদ্দিনের অভিযোগ, গত বৃহস্পতিবার বিকেলে সলিমপুর ইউনিয়নের ভাড়ইমারী আনন্দবাজারে সুমন ট্রেডার্সের স্বত্বাধিকারী সুমন মালিথার আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলা হয়। এসব অভিযোগকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তিনি বলেন, তাঁর ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করা এবং সার ডিলার নিয়োগ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করতেই একটি পক্ষ তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
তিনি জানান, দীর্ঘ ১৮ বছর ধরে তিনি মেসার্স সবুজ সাথী কীটনাশক বিতানের মাধ্যমে ব্যবসা পরিচালনা করছেন। পাশাপাশি ন্যাপ এগ্রো কেমিক্যালসের সঙ্গেও তাঁর সম্পৃক্ততা রয়েছে। তাঁর দাবি, ২০২২ সালে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে অভিযান চালানো হয়েছিল। তবে প্রয়োজনীয় লাইসেন্স ও কাগজপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করার পর যাচাই-বাছাই শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রতিষ্ঠানটি চালু রাখা ও পণ্য বাজারজাত করার অনুমতি দেয়।
লিখিত বক্তব্যে নিজাম উদ্দিন আরও বলেন, তাঁর পরিবার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এ কারণে আওয়ামী লীগ সরকারের শাসনামলে তিনি ব্যক্তিগতভাবে হয়রানির শিকার হয়েছেন বলে দাবি করেন। তাঁর অভিযোগ, রাজনৈতিক পরিচয়কে সামনে এনে একটি পক্ষ ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা করছে এবং তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান ও ডিলারশিপ নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তাঁকে ব্যবসায়িকভাবে হেয়প্রতিপন্ন করছে।
নিজাম উদ্দিন বলেন, বর্তমানে তিনি ঈশ্বরদী উপজেলা বালাইনাশক অ্যাসোসিয়েশনের নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এ অবস্থায় তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে ব্যক্তিগত ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করার পাশাপাশি রাজনৈতিক বিভক্তি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এসব অপপ্রচারে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। পাশাপাশি বিএনপির স্থানীয় নেতাদের প্রতি সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে সরকারের নির্ধারিত নীতিমালা অনুসরণ করে ডিলারশিপের সুপারিশ করায় ঈশ্বরদী উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
সংবাদ সম্মেলনে ঈশ্বরদী উপজেলা বালাইনাশক অ্যাসোসিয়েশনের সহসভাপতি মোস্তফা জামান নয়ন, সাধারণ সম্পাদক সেলিম হোসেনসহ স্থানীয় কীটনাশক ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
