চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, আর রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এ ছাড়া দক্ষিণ-পূর্ব ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় ২৩ অক্টোবরের কাছাকাছি সময়ে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে, ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়, ১৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
একই সময়ে রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সকালে ঢাকায় তাপমাত্রা ছিল প্রায় ২৪ ডিগ্রি সেলসিয়াস। আকাশ রোদোজ্জ্বল থাকলেও আর্দ্রতার কারণে অনুভূত তাপমাত্রা তুলনামূলক বেশি ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছাতে পারে।
আগামী কয়েক দিন দেশের অধিকাংশ এলাকায় আকাশ আংশিক মেঘলা এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
অভ্যন্তরীণ নদীবন্দর ও সমুদ্রবন্দরগুলোর জন্য আপাতত কোনো সতর্কবার্তা বা সতর্কসংকেত নেই।
ঢাকায় বুধবার সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৫৮ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২৮ মিনিটে।
বিআলো/শিলি