কুমিল্লার লাকসামে কর্ণফুলী কমিউটার ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হলেও আপলাইন দিয়ে চলাচল বন্ধ রয়েছে।
বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে লাকসাম জংশনের আগে নাওটি এলাকায় ঢাকামুখী রেলপথে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল কর্ণফুলী কমিউটার ট্রেনটি। নাওটি এলাকায় পৌঁছালে ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে আপ ও ডাউন—দুই লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়।
লাকসাম রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
কুমিল্লা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শেখ আনোয়ার জানান, লাইনচ্যুতির ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বগিগুলো উদ্ধারের জন্য উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। উদ্ধারকাজ শেষ হলে আপলাইনেও ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
