আজকাল ওয়েবডেস্ক: বিলাসবহুল ফ্ল্যাটে পুজোর আগে ভয়াবহ চুরির ঘটনা। মাত্র ৩০ মিনিটের মধ্যে দু'টি ফ্ল্যাট থেকে প্রায় ২ কোটি টাকার মূল্যমান সামগ্রী চুরি করে পালাল চোর। দামি সোনা, রুপোর গয়না, বিপুল পরিমাণ নগদ টাকা চুরির অভিযোগ দায়ের হয়েছে থানায়। যে ঘটনায় উত্তাল গোটা শহর।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে নয়ডায়। পুলিশ জানিয়েছে, নয়ডা হাউজিং সোসাইটির দু'টি ফ্ল্যাট বন্ধ ছিল। সেই বন্ধ ফ্ল্যাটের দরজা ভেঙে ভয়াবহ চুরির ঘটনাটি ঘটেছে। দু'টি ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ সোনার বিস্কুট, রুপোর গয়না ও নগদ ২ কোটি টাকা চুরি করে পালিয়েছে দুষ্কৃতীরা। ঘটনাটি ঘিরে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, চুরির ঘটনার সময় একজন ফ্ল্যাটের মালিক আমেরিকায় ছিলেন। আরেকটি ফ্ল্যাটের মালিক পানিপথে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। নীতিন জৈন নামের একজন ফ্ল্যাটের মালিক জানিয়েছেন, চুরির ঘটনাটি ঘটেছে রাত দুটো থেকে আড়াইটের মধ্যে। প্রতিবেশীদের থেকেই প্রথমে তিনি চুরির বিষয়টি জানতে পারেন।
পুলিশকে নীতিন জানিয়েছেন, তাঁর ঘর থেকেই সোনা ও রুপোর গয়না এবং বিপুল পরিমাণ নগদ টাকা নিয়ে পালিয়েছে চোর। ঘরের দরজা ভেঙেই এই চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিনি।
কী কী জিনিস চুরি গিয়েছে? পুলিশ জানিয়েছে, ৪৫ গ্রাম ওজনের সোনার হার, চারটি সোনার বালা, দুটি সোনার ব্রেসলেট, চার জোড়া সোনার কানের দুল, চারটি সোনার আংটি, একটি সোনার চেন, একটি সোনার মঙ্গলসূত্র এবং দুটি সোনার পেনডেন্ট। পাশাপাশি ১০০ গ্রাম ওজনের সোনার বিস্কুট, সোনার কয়েন, ২ কিলোগ্রাম রুপোর গয়না, নগদ এক লক্ষ টাকা চুরি গিয়েছে সেদিন। মোট এক কোটি ৫ লক্ষ টাকার জিনিস চুরি গিয়েছে একটি ফ্ল্যাট থেকে।
পুলিশ জানিয়েছে, ঠিক পাশের ফ্ল্যাট থেকেও প্রায় এক কোটি টাকার সোনা, রুপোর গয়না চুরি হয়েছে। আবাসনের ও আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।
