গাঁদা ফুল
পদ্মের পাশাপাশি গাঁদা ফুলও লক্ষ্মীপুজোয় বিশেষ গুরুত্ব পায়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, হলুদ ও কমলা রঙের গাঁদা ফুল শুভ শক্তি, আনন্দ ও সমৃদ্ধির প্রতীক। হিন্দু ধর্মীয় আচার-অনুষ্ঠানে গাঁদা ফুলের বহুল ব্যবহার দেখা যায়। দেবী লক্ষ্মী ও বিষ্ণুর আরাধনায়ও এই ফুল নিবেদন করা হয়। তাই কোজাগরী পূর্ণিমায় পুজোর থালায় গাঁদা ফুল রাখার রীতি রয়েছে বহু পরিবারে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই ফুল নিবেদন করে দেবীর কাছে সুখ, শান্তি ও আর্থিক সমৃদ্ধি কামনা করা হয়।
লাল গোলাপ
পদ্ম ও গাঁদা ছাড়াও লাল গোলাপ দেবী লক্ষ্মীর পুজোয় ব্যবহার করা যায়। প্রচলিত মত, লাল গোলাপ সৌন্দর্য, ভালোবাসা ও শুভতার প্রতীক। তাই পুজোর থালা সাজাতে এই ফুলও ব্যবহার করতে পারেন। ফুলের বাহুল্যের চেয়ে ভক্তি ও নিষ্ঠার উপরই ধর্মীয় আচারে বেশি গুরুত্ব দেওয়া হয়।
পুজোয় ফুল নিবেদনের সময় কী মনে রাখবেন?
কোজাগরী লক্ষ্মীপুজোয় ফুল নিবেদনের আগে সেগুলি পরিষ্কার করে নেওয়া উচিত। বাসি বা পচে যাওয়া ফুল ব্যবহার না করাই ভালো। পদ্ম, গাঁদা কিংবা গোলাপ—যে ফুলই নিবেদন করুন না কেন, পরিবারের প্রচলিত রীতি ও পুজোর নিয়ম মেনে চলুন।
