নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় অজ্ঞাতপরিচয় দুই চালককে আসামি করে থানায় মামলা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে বড়াইগ্রাম থানায় মামলাটি করেন বনপাড়া হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আকবর হোসেন।
মঙ্গলবার ভোরে বনপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের সামনে নাটোর-পাবনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহত ও ৩০ জন আহত হন। যে দুর্ঘটনায় ট্রাকের চালক আবুল কালাম আজাদ (৩২) ও বাসের চালক সোহেল রানাও (৩৬) নিহত হয়েছেন।
বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, ‘মঙ্গলবার ভোরে কুয়াকাটা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী আরপি স্পেশাল পরিবহনের বাসটির সঙ্গে পঞ্চগড় থেকে আসা বালুবোঝাই ট্রাকটির মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহত হন। মঙ্গলবার দুপুরের মধ্যেই নিহতদের পরিবারের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হয়। হতাহত ব্যক্তিরা সবাই ভিন্ন জেলার বাসিন্দা। তারা কেউ বাদী হয়ে মামলা করার জন্য থানায় আসেননি। তাই রাতে পুলিশ বাদী হয়ে সড়ক নিরাপত্তা আইনে মামলা করেছে। মামলায় দুই পরিবহনের অজ্ঞাতপরিচয় চালকদের আসামি করা হয়েছে।’
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার রাতে মামলাটি রেকর্ড হয়েছে। হাইওয়ে থানা মামলাটি নিয়ে কাজ করবে।’
এদিকে, দুর্ঘটনা কবলিত বাসটির ফিটনেসের মেয়াদ ছিল না এবং ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চলার পেছনে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। বনপাড়ায় দুর্ঘটনা কারণ অনুসন্ধানে সাত সদস্যের কমিটি গঠন হয়েছে বলে জানিয়েছেন নাটোরের জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার।
