রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথ থেকে পেস্ট আকারের ছয়টি ‘সোনার ডিম’ জব্দ করেছেন কাস্টমস কর্মকর্তারা। উদ্ধার হওয়া বস্তুগুলোর প্রাথমিক ওজন ২ কেজি ৭৩৪ গ্রাম। এগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা।
সোমবার (১৯ অক্টোবর) সকালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ এ তথ্য নিশ্চিত করেন।
এনবিআর কর্মকর্তা জানান, মালদ্বীপ থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস৩৩৮ ফ্লাইটে রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মোহাম্মদ সোলাইমান ও জোবায়েদ আহমদ। পরে তাঁদের কাছ থেকে এসব বস্তু উদ্ধার করা হয়। প্রত্যেকের রেক্টামে (পায়ুপথে) তিনটি করে মোট ছয়টি ডিম্বাকৃতির সোনার পেস্টের বস্তু পাওয়া যায়।
আল-আমিন শেখ জানান, উদ্ধার হওয়া ছয়টি বস্তুর প্রাথমিক ওজন ২ দশমিক ৭৩৪ কেজি। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, এগুলোর আনুমানিক মূল্য প্রায় ৪ কোটি টাকা। তবে কাস্টমস গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে তিনি জানান, উদ্ধার হওয়া পেস্টের মধ্যে প্রকৃত সোনার পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হওয়ায় এবং আলামতের যথাযথতা সংরক্ষণের স্বার্থে উদ্ধার হওয়া বস্তুগুলো অবিকৃত রাখা হয়েছে। উপযুক্ত পরীক্ষা-নিরীক্ষার পর এসব বস্তু থেকে পাওয়া বিশুদ্ধ সোনার ওজন ও প্রকৃত মূল্য নির্ধারণ করা সম্ভব হবে।
ঘটনাটি বিমানবন্দর দিয়ে স্বর্ণ চোরাচালান প্রতিরোধে কাস্টমস গোয়েন্দাদের তৎপরতার বিষয়টি আবারও সামনে এনেছে। উদ্ধার হওয়া পেস্টে প্রকৃত সোনার পরিমাণ এবং এর চূড়ান্ত মূল্য পরীক্ষার ফলাফলের পরই নিশ্চিত হওয়া যাবে।
The post এবার মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘সোনার ডিম’ appeared first on ভোরের চেতনা.
