ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশনের এ সভা শুরু হয়। এতে অন্য চার নির্বাচন কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
ইসি কর্মকর্তারা জানান, সভার আলোচ্যসূচিতে রয়েছে স্থানীয় সরকার পরিষদের নির্বাচন নিয়ে আলোচনা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণ। এ ছাড়া জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণসংক্রান্ত বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
সভায় পার্সোনালাইজেশন সেন্টারে থাকা মেশিনগুলোর অবস্থা ও রক্ষণাবেক্ষণ, কার্ড মুদ্রণ, বকেয়া বিল পরিশোধ এবং নতুন চুক্তি সম্পাদনসংক্রান্ত বিষয়ে গঠিত কমিটির কার্যবিবরণী পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টিও আলোচ্যসূচিতে রয়েছে।
এ ছাড়া জাতীয় নির্বাচন পদক নীতিমালা-২০২৫-এর খসড়া অনুমোদন এবং বিবিধ বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
এর আগে, গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, সোমবারের কমিশন সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ চূড়ান্ত করা হবে।
এখন কমিশনের বৈঠকে নির্বাচনের সময়সূচি নিয়ে কী সিদ্ধান্ত আসে, সেদিকেই নজর রয়েছে সংশ্লিষ্টদের।
The post ইউপি নির্বাচনের দিনক্ষণ নির্ধারণে বৈঠকে ইসি appeared first on ভোরের চেতনা.
