যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ঢালিউড অ্যাওয়ার্ডের ২৫তম আসরে ‘শ্রেষ্ঠ কিবোর্ডিস্ট’ হিসেবে সম্মাননা পেয়েছেন বাংলাদেশের তরুণ সংগীত পরিচালক ও কিবোর্ডিস্ট সৌরভ দাস। সংগীতাঙ্গনে দীর্ঘদিনের কাজ, দক্ষতা ও সৃজনশীল অবদানের স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননা পান।
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত এবারের ঢালিউড অ্যাওয়ার্ডে বাংলাদেশের চলচ্চিত্র, নাটক ও সংগীতাঙ্গনের একাধিক জনপ্রিয় তারকা ও গুণী ব্যক্তিত্ব অংশ নেন। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য শিল্পীদের সম্মানিত করার পাশাপাশি বাংলা বিনোদনজগতের সাফল্য ও সৃজনশীলতাকে উদ্যাপন করা হয়।
আসরে দর্শকদের আগ্রহের কেন্দ্রে থাকা তারকাদের মধ্যে ছিলেন মেগাস্টার শাকিব খান, অভিনেত্রী তমা মির্জা, নির্মাতা রায়হান রাফী, অভিনেতা জোভান, চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি, সংগীতশিল্পী রেশমী মির্জা ও অভিনেতা চঞ্চল চৌধুরী। এ ছাড়া আরও অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সোনিয়া হোসেন।
প্রায় এক যুগ ধরে বাংলাদেশের সংগীতাঙ্গনে কাজ করছেন সৌরভ দাস। কিবোর্ড বাজানোর পাশাপাশি সংগীত পরিচালনাতেও নিজের দক্ষতা তুলে ধরছেন তিনি। দীর্ঘদিনের সাধনা, নিয়মিত চর্চা ও সংগীতের প্রতি গভীর ভালোবাসার মধ্য দিয়ে তিনি নিজের অবস্থান তৈরি করেছেন।
একটি সংগীতকে পূর্ণতা দিতে কিবোর্ডের সুর ও সংগীতায়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই জায়গায় নিজের দক্ষতা ও সৃজনশীলতার পরিচয় দিয়ে আসছেন সৌরভ। তাঁর এই সম্মাননা সংগীতের নেপথ্যে থাকা যন্ত্রসংগীতশিল্পীদের অবদানকেও নতুন করে সামনে নিয়ে এসেছে।
দীর্ঘ ২৫ বছরের পথচলায় ঢালিউড অ্যাওয়ার্ড প্রবাসে বাংলা চলচ্চিত্র, সংগীত ও সংস্কৃতিকে তুলে ধরার একটি উল্লেখযোগ্য আয়োজন হিসেবে পরিচিতি পেয়েছে। দেশের বাইরে বসবাসরত বাঙালিদের কাছে দেশীয় বিনোদনজগতের শিল্পীদের কাজ ও অর্জন তুলে ধরতেও এ ধরনের আয়োজন ভূমিকা রাখে।
আগামী দিনে সংগীত পরিচালনা ও যন্ত্রসংগীতে আরও নতুন কাজের মাধ্যমে নিজের প্রতিভার স্বাক্ষর রাখতে চান এই তরুণ সংগীতশিল্পী।
বিআলো/শিলি