Published on
:
1 min read
বলিউড অভিনেতা টাইগার শ্রফ-এর গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশের দাবি, শুধু টাইগার নন, অভিযুক্ত শুটারদের নজরে ছিলেন বলিউডের একাধিক তারকা। সেই তালিকায় রয়েছেন সলমন খান, আমির খান এবং রণবীর কাপুর। এই ঘটনায় নতুন করে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফলে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০।
তদন্তকারীদের প্রাথমিক অনুমান, টাইগারকে প্রথম থেকেই নিশানা করার পরিকল্পনা ছিল না অভিযুক্তদের। বরং, অন্য এক তারকার কাছে পৌঁছনো কঠিন হওয়ায় নিরাপত্তার তুলনায় কম সুরক্ষিত টাইগারকেই নিশানা করা হয় বলে অভিযোগ।
তদন্তে জানা গিয়েছে, ১৮ অক্টোবর মুম্বইয়ের জুহুতে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার আগে প্রায় এক মাস ধরে শহরে ছিলেন দুই অভিযুক্ত শুটার। তাঁদের নাম ফুল সিং এবং রেহান আনসারি। দু’জনেরই বয়স ১৮ বছর। তাঁরা হরিয়ানার সোনিপত জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
তদন্তকারীদের দাবি, এই সময়ের মধ্যে তাঁরা মুম্বইয়ের দাদর এলাকার একাধিক লজে থেকেছেন। থাকা-খাওয়া এবং হামলায় ব্যবহৃত বাজাজ পালসার মোটরবাইক কেনা-সহ বিভিন্ন খাতে প্রায় ২ লক্ষ টাকা খরচ হয়েছিল বলে পুলিশের অনুমান।
পুলিশের বক্তব্য, সলমনের বান্দ্রার বাড়ি ছাড়াও আমিরের খার এলাকার বাসভবন এবং রণবীর কাপুরের বাড়ির আশপাশে নজরদারি চালিয়েছিলেন অভিযুক্তেরা। তবে এই তিন তারকাকেই হামলার জন্য চূড়ান্ত ভাবে বেছে নেওয়া হয়েছিল কি না, তা এখনও স্পষ্ট নয়। পুলিশের দাবি, অন্য এক সম্ভাব্য লক্ষ্যকে নিশানা করার পরিকল্পনা বাতিল করা হয়েছিল, কারণ সেখানে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কড়া ছিল। সেই পরিস্থিতিতে তুলনামূলক কম নিরাপত্তার মধ্যে থাকা টাইগার শ্রফকে বেছে নেওয়া হয় বলে তদন্তকারীদের অনুমান।
