ফুটবলপ্রেমীদের ভোটে বড় ব্যবধানে এগিয়ে থেকে ২০২৬ সালের অনজে ডি’অর জিতেছেন কিলিয়ান এমবাপ্পে। ২০ লাখের বেশি ভোটের মধ্যে ৪৮.২ শতাংশ ভোট পেয়েছেন রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড। এই প্রথম পুরস্কারটি জিতলেন তিনি। দ্বিতীয় স্থানে থাকা জোয়াও নেভেস পেয়েছেন ১১.৯ শতাংশ ভোট।
বিজ্ঞাপন
অনজে ডি’অরের ৫০তম বর্ষে এমবাপ্পের এই অর্জন তাঁর ক্যারিয়ারে নতুন সংযোজন। এর আগে দিয়েগো ম্যারাডোনা, জিনেদিন জিদান, ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির মতো কিংবদন্তিরা এই পুরস্কার জিতেছেন।
ভোটে তৃতীয় হয়েছেন খিচা কাভারেস্কাইয়া, পেয়েছেন ১০.৮ শতাংশ। লামিন ইয়ামাল ৯.৭ শতাংশ ভোট নিয়ে চতুর্থ এবং গতবারের বিজয়ী উসমান দেম্বেলে ৭.৫ শতাংশ ভোট পেয়ে পঞ্চম হয়েছেন।
রিয়ালের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সই এমবাপ্পের এই স্বীকৃতির অন্যতম কারণ। ২০২৫-২৬ মৌসুমে লা লিগায় ২৫ গোল করে প্রতিযোগিতাটির সর্বোচ্চ গোলদাতা হন তিনি। চ্যাম্পিয়নস লিগেও করেন ১৫ গোল। সব মিলিয়ে মৌসুমে তাঁর গোলসংখ্যা ৪০ ছাড়িয়ে যায়।
২০২৬ বিশ্বকাপেও গোলের ধারাবাহিকতা ধরে রাখেন ফরাসি তারকা। টুর্নামেন্টে ১০ গোল ও চারটি অ্যাসিস্ট করে আলোচনায় ছিলেন তিনি। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায়ও শীর্ষে ওঠেন এমবাপ্পে। তাঁর গোলসংখ্যা ২২, মেসির ২১ এবং মিরোস্লাভ ক্লোসার ১৬।
অনজে ডি’অর জিতে এমবাপ্পে ফ্রান্সের পুরস্কারজয়ী তারকাদের তালিকায় যুক্ত হলেন। সেই তালিকায় আছেন মিশেল প্লাতিনি, জঁ-পিয়েরে পাপাঁ, এরিক কান্তোনা, জিনেদিন জিদান, থিয়েরি অঁরি, আঁতোয়ান গ্রিজমান, করিম বেনজেমা ও উসমান দেম্বেলে।
