আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে চাঁদপুর জেলায় মেঘনা নদীর তীরে আয়োজিত তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা।
শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টায় হেদায়েতি বয়ান শেষে মূল মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের জ্যেষ্ঠ আলেম মাওলানা শামসুদ্দিন। এ সময় হাজারো মুসল্লির ‘আমিন, আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মেঘনাপাড়ের ইজতেমা ময়দান।
এর আগে বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে চাঁদপুর শহরের পুরান বাজার দোকানঘর এলাকায় মেঘনা নদীর তীরে এই ইজতেমার আনুষ্ঠানিক সূচনা ঘটে। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল থেকেই ইজতেমা প্রাঙ্গণে বিপুল সংখ্যক মানুষের আগমন ঘটে। ওই দিন দুপুরে ইজতেমা ময়দানে প্রায় ১০ হাজার মুসল্লি একসঙ্গে পবিত্র জুমার নামাজ আদায় করেন।
তিন দিনব্যাপী এই বৃহৎ ধর্মীয় সমাবেশে চাঁদপুর জেলা এবং এর পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের বহু ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। আয়োজনজুড়ে দেশ-বিদেশের প্রবীণ আলেমদের কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান, জিকির-আজকার এবং বিশেষ তালিম অনুষ্ঠিত হয়। সর্বশেষ আখেরি মোনাজাতে পুরো মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে পরম করুণাময়ের দরবারে প্রার্থনা করা হয়।
ইজতেমার সার্বিক ব্যবস্থাপনা প্রসঙ্গে তাবলিগ জামাত চাঁদপুর জেলার দায়িত্বশীল প্রতিনিধি মো. আরিফ উল্লাহ জানান, নিজামুদ্দিনের মূল ধারার তত্ত্বাবধানে সমস্ত নিয়ম ও আনুষ্ঠানিকতা পালিত হয়েছে। ধর্মপ্রাণ মানুষের ব্যাপক উপস্থিতি এবং সর্বাত্মক সহযোগিতায় অত্যন্ত শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশে ইজতেমার সফল সমাপ্তি ঘটে।
জেএইচআর
