মেহেরপুরে গ্লোরিয়াস প্রী-ক্যাডেট একাডেমির কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
অক্টোবর ১৩, ২০২৬ ১২:২৭ অপরাহ্ণ
মেহেরপুর নিউজ:
মেহেরপুর গ্লোরিয়াস প্রী-ক্যাডেট একাডেমির উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে গ্লোরিয়াস প্রী-ক্যাডেট একাডেমি প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন একাডেমির অধ্যক্ষ লুৎফুন্নেসা সেলিমা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর আমির তাজউদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেহেরপুর জেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম এবং অক্সফোর্ড কিন্ডারগার্টেনের পরিচালক জানে আলম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গ্লোরিয়াস প্রী-ক্যাডেট একাডেমির পরিচালক শামসুজ্জামান শামীম।
অনুষ্ঠানের একপর্যায়ে ২০২৪ ও ২০২৫ সালের বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ ছাড়া একাডেমির বার্ষিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
পরে একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
