‘সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন’,- ভোলার তজুমদ্দিন উপজেলায় নিজ সংসদীয় আসনে বুধবার এক সংবর্ধনা অনুষ্ঠানে নিজের করা মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
তিনি বলেছেন, এসব কথা আমি আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ডের ওপর ভিত্তি করে বলেছি। তারা তখন এমন একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছিল, সমাজের ভালো লোকের নির্বাচন করা সম্ভব হয়নি। আশা করি এ অবস্থার অবসান হবে, বর্তমান সরকার সবেমাত্র ক্ষমতায় এসেছে। অন্তর্বর্তীকালীন সরকারের এটার ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত ছিল, নেয়নি। তবে নির্বাচন ব্যবস্থার আমুল সংস্কার প্রয়োজন। সমাজের গ্রহণযোগ্য ব্যক্তিকে নির্বাচনের সুযোগ দেওয়া উচিত, এজন্য ইসিকে পদ্ধতি নির্ধারণ করতে হবে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ভোলা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও উচ্চপর্যায়ের ব্যক্তি যারা আছেন তাদের বক্তব্য থেকে অনুধাবন করা যায়, আগামী নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে। এ ছাড়া নির্বাচন অবশ্যই নিরপেক্ষ ও সুষ্ঠু হওয়া উচিত।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ স্তর, সাধারণ মানুষের সরাসরি যোগাযোগ স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে। অতীতে আওয়ামী লীগের আমলে এসব নির্বাচন সুষ্ঠু হয়নি। বর্তমান নির্বাচন কমিশনের ওপরও আমাদের আস্থা আছে। ইতোমধ্যে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে সেটি অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে সুষ্ঠু হয়েছে।
দ্বীপজেলা ভোলাকে প্রাকৃতিক গ্যাসসমৃদ্ধ উল্লেখ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, আমরা আশা করি, আরও বিপুল গ্যাসের ভান্ডার রয়েছে। এসব গ্যাস কীভাবে ব্যবহার হবে সে বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি, সরকার বিদেশে যোগাযোগ করছে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সহজ অপশন ভোলাতেই রয়েছে। এ ছাড়া ভোলার গ্যাস ভোলাবাসীর ন্যায্য অধিকার।
এ সময় ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মুহাম্মদ শহিদুল্লাহ কাওছার, জেলা পরিষদের প্রশাসক গোলাম নবী আলমগীর, ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
