স্টাফ রিপোর্টার ॥
ভোলা-বরিশাল সেতু নির্মাণ ও ভোলার ঘরে ঘরে গ্যাস সংযোগসহ পাঁচ দফা দাবি আদায়ে ফের বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ভোলাবাসী। দাবি বাস্তবায়নে শারদীয় দুর্গোৎসবের পর গণস্বাক্ষর, মানববন্ধন ও সমাবেশ কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাতে ভোলা জেলা পরিষদে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় এসব কর্মসূচির ঘোষণা দেন আয়োজক সংগঠন ‘আমরা ভোলাবাসী’র নেতারা।
সংগঠনের সদস্যসচিব মীর মোশারেফ অমি বলেন, ভোলার ঘরে ঘরে গ্যাস সংযোগ, গ্যাসভিত্তিক শিল্পকারখানা গড়ে তোলা, ভোলা-বরিশাল সেতু নির্মাণ, ভোলায় সরকারি মেডিকেল কলেজ স্থাপন, ইন্ট্রাকো কো¤পানির সঙ্গে অবৈধ গ্যাস চুক্তি বাতিল করে অবৈধ গ্যাস পাচার বন্ধসহ পাঁচ দফা দাবিতে দীর্ঘদিন ধরেই কঠোর আন্দোলন করে আসছেন এলাকাবাসী।
সভায় শারদীয় দুর্গোৎসবের পর ভোলায় গণস্বাক্ষর অভিযান, লিফলেট বিতরণ, উপজেলা পর্যায়ে কমিটি গঠন, জেলার চার এমপির সঙ্গে যোগাযোগ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, জেলা আহ্বায়ক কমিটির সদস্যসংখ্যা বৃদ্ধি ও নারী সদস্য অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সংগঠনের আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক গোলাম নবী আলমগীর সভায় সভাপতিত্ব করেন। সভায় আরও বক্তব্য দেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক এনামুল হক, দৈনিক আজকের ভোলার সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন, মাওলানা মো. মোবাশ্বিরুল হক নাঈম, দুদকের পিপি এডভোকেট সাহাদাত হোসেন শাহিন, সদস্য মো. মহিউদ্দিন, হাফেজ মো. বনী আমিন, আ. মন্নান, শিমুল চৌধুরী, মেহেদী হাসান, শরীফ হাওলাদার প্রমুখ।
সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।