মক্কা ও মদিনার নিরাপত্তা হুমকির মুখে পড়লে বাংলাদেশ বসে থাকবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, পবিত্র দুই শহরের ওপর কোনো হুমকি এলে বাংলাদেশের পক্ষ থেকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হবে।
সোমবার (১২ অক্টোবর) রাজধানীর বিস মিলনায়তনে একটি সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সৌদি আরবের প্রয়োজনে বাংলাদেশ সেনা পাঠাবে কি না, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ এখনো মক্কা প্যাক্টে আনুষ্ঠানিকভাবে যোগ দেয়নি। তাই সেখানে সেনা পাঠানোর প্রশ্ন এই মুহূর্তে উঠছে না।
শামা ওবায়েদ বলেন, সৌদি আরবে চলমান পরিস্থিতিতে দেশটির সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের সংহতি রয়েছে। পরিস্থিতির অবসান চেয়ে প্রধানমন্ত্রী সৌদি আরবের ক্রাউন প্রিন্সকে চিঠিও দিয়েছেন।
তিনি আরও বলেন, মক্কা ও মদিনার নিরাপত্তার বিষয়টি মুসলিম বিশ্বের জন্য অত্যন্ত আবেগের। এ কারণে পবিত্র দুই শহরের নিরাপত্তা হুমকির মুখে পড়লে বাংলাদেশ সহযোগিতার জন্য এগিয়ে আসবে।
তবে কী ধরনের সহায়তা দেওয়া হতে পারে, সে বিষয়ে প্রতিমন্ত্রী নির্দিষ্ট কোনো ঘোষণা দেননি।
