ডারবান টেস্টের দুই ইনিংসে ১৯০ ও ৮২ রান করেছেন অস্ট্রেলিয়ার ম্যাট রেনশ।
Published : 14 Oct 2026, 04:22 PM
Updated : 14 Oct 2026, 04:22 PM
টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে উন্নতি করেই চলেছেন শ্রেয়াস আইয়ার। গত সপ্তাহে প্রথমবারের মতো সেরা দশে জায়গা করে নেওয়া ভারতীয় অধিনায়ক এবার উঠে এসেছেন শীর্ষ পাঁচে। আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সে বড় লাফ দিয়েছেন অস্ট্রেলিয়ার ম্যাট রেনশ।
পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি বুধবার প্রকাশ করেছে আইসিসি। টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের মধ্যে চারে আছেন শ্রেয়াস। আর টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় ১৪৭ ধাপ এগিয়েছেন রেনশ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করেন শ্রেয়াস। ওই পারফরম্যান্সে প্রথমবার সাত নম্বরে জায়গা করে নেন তিনি। পরের দুই ম্যাচে সেভাবে জ্বলে উঠতে পারেননি, তার ব্যাট থেকে আসে মোট ৪১ রান। এতে তিন ধাপ এগিয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান।
টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের প্রথম দুটি স্থানও ভারতীয়দের, চূড়ায় আছেন ইশান কিষান এবং দুইয়ে আভিশেক শার্মা। শ্রীলঙ্কার বিপক্ষে টানা তিন ফিফটি করা পাকিস্তানের সাহিবজাদা ফারহান আগের মতোই তিনে।
শীর্ষ দশে আরেকটি পরিবর্তন আছে। এক ধাপ এগিয়ে নবম স্থানে উঠেছেন তিলাক ভার্মা। দশে নেমে গেছেন পাথুম নিসাঙ্কা। দুই ধাপ এগিয়ে ওয়েস্ট ইন্ডিজের শেই হোপের অবস্থান ১১ নম্বরে।
১৩ ধাপ এগিয়ে ২৪তম স্থানে ওয়েস্ট ইন্ডিজের শেরফেন রাদারফোর্ড। পাকিস্তানের মাজ সাদাকাত ১৮৭ ধাপ এগিয়ে এখন ৪৫ নম্বরে।
টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে প্রথম চারজনই লেগ স্পিনার। যথারীতি শীর্ষে আফগানিস্তানের রাশিদ খান। এক ধাপ এগিয়ে দুইয়ে অস্ট্রেলিয়ার অ্যাডাম জ্যাম্পা। যৌথভাবে তিনে ইংল্যান্ডের আদিল রাশিদ ও পাকিস্তানের আবরার আহমেদ।
আকসার প্যাটেলের দুই ধাপ অবনতিতে এক ধাপ করে এগিয়েছেন নাসুম আহমেদ (সপ্তম) ও শেখ মেহেদি হাসান (অষ্টম)। ওয়েস্ট ইন্ডিজের রোস্টন চেইস ২৪ ধাপ এগিয়ে এখন ২৩তম স্থানে।
টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই প্রথম দুটি স্থানে জিম্বাবুয়ের সিকান্দার রাজা ও পাকিস্তানের সাইম আইয়ুব। দুই ধাপ এগিয়ে তিনে উঠে এসেছেন চেইস।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবান টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ১৯০ ও ৮২ রান করেন রেনশ। এই পারফরম্যান্সে এখন ক্যারিয়ার সেরা ৪৯তম স্থানে আছেন তিনি। দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম ৪ ধাপ এগিয়ে এখন দশম স্থানে।
টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে আগের মতোই শীর্ষ ইংল্যান্ডের হ্যারি ব্রুক। আর বোলারদের তালিকায় চূড়ায় অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক।
ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৪৯ রানে ৬ উইকেট নেওয়া অস্ট্রেলিয়ার জশ হেইজেলউড দুই ধাপ এগিয়ে এখন সপ্তম স্থানে।
টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে ভারতের রাভিন্দ্রা জাদেজা।
