উয়েফা চ্যাম্পিয়নস লিগের হাইভোল্টেজ ম্যাচে পরস্পরের বিপক্ষে মাঠে নামবে যাচ্ছে পিএসজি ও বার্সেলোনা। ফ্রান্সজুড়ে বিক্ষোভ চলায় এই ম্যাচটি নিয়ে দেখা দিয়েছিল অনিশ্চয়তা। তবে নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেও পিছিয়ে যাচ্ছে না প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও বার্সেলোনার চ্যাম্পিয়নস লিগের ম্যাচ। নির্ধারিত সময়েই ম্যাচটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ।
মঙ্গলবার প্যারিসের পার্ক দে প্রিন্সেসে বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হওয়ার কথা দুই দলের। উয়েফা চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের তৃতীয় রাউন্ডের এই ম্যাচ ঘিরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে ফ্রান্সের সাম্প্রতিক পরিস্থিতিতে।
সোমবার ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নুর সঙ্গে জরুরি বৈঠকের পর সাংবাদিকদের নুনেজ জানান, পিএসজি-বার্সেলোনা ম্যাচ স্থগিত করার প্রয়োজন নেই। ফ্রান্সে অনুষ্ঠেয় অন্য ইউরোপীয় ফুটবল ম্যাচগুলোর ক্ষেত্রেও একই অবস্থান সরকারের।
নুনেজ বলেন, ‘কিছু আয়োজন স্থগিত করার সম্ভাবনা নিয়ে আমরা আলোচনা করেছি। তবে আগামীকাল পিএসজি ও বার্সেলোনার ম্যাচ স্থগিত করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে না।’
শনিবার ফ্রান্সের বিভিন্ন শহরে বিক্ষোভের পর সহিংস সংঘর্ষ, লুটপাট ও সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনা ঘটে। প্যারিসসহ কয়েকটি শহরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী মোতায়েন বাড়িয়েছে কর্তৃপক্ষ। সোমবার প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে আংশিক ও স্থানীয়ভাবে কারফিউ জারির নির্দেশ দেন। তবে পুরো প্যারিসে কারফিউ জারির পরিকল্পনা নেই বলে জানান তিনি।
এদিকে পিএসজির কোচ লুইস এনরিকেও ম্যাচের আগের সংবাদ সম্মেলনে পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। সহিংসতার নিন্দা জানালেও তার মূল মনোযোগ দলের প্রস্তুতিতে। স্প্যানিশ এই কোচ আশা প্রকাশ করেছেন, স্বাভাবিক পরিবেশেই ম্যাচটি অনুষ্ঠিত হবে। ম্যাচ আয়োজন নিয়ে ব্যক্তিগতভাবে উদ্বিগ্ন নন বলেও জানিয়েছেন তিনি।
এমএমএম/
