ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি প্রায়শই খবরের শিরোনামে থাকেন। তবে এবার কোনো সিনেমা বা অভিনয় নয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তৈরি একটি বিকৃত ও ভুয়া ভিডিওর কারণে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন তিনি। সাইবার অপরাধীদের এ ধরনের কর্মকাণ্ডে সম্প্রতি বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় এই অভিনেত্রীকে। এর মধ্যে পুজার শাড়ীতে ৫১ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়। এটি নিয়ে আলোচনা-সমালোচনার মুখে পড়েন তিন।
কিছুদিন আগে একটি বেসরকারি টিভি চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ হ্যাক করে পরীমনির ওই ভুয়া এআই ভিডিওটি ছড়িয়ে দেওয়া হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা ও ক্ষোভ।
সোমবার (১৯ অক্টোবর) রাজধানী ঢাকায় একটি শো-রুম উদ্বোধনে গিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন পরীমনি। জীবনে একের পর এক বিতর্কের মুখোমুখি হওয়া প্রসঙ্গে হাসিমুখেই তিনি বলেন, ‘আমার কপালে মনে হয় এটাই লেখা, সারাজীবন ঝামেলা হবে আর ঝামেলা নিয়েই যাব। এটা আমি মেনে নিয়েছি। এখন বিষয়গুলো আমার ভালোই লাগে, এনজয় করি।’
এর আগে একটি ফেসবুক লাইভে এসে অপরাধীদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে কথা বলেন পরীমনি। নেটিজেনরা তার এই সাহসিকতার প্রশংসাও করেছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘সবাই যখন আমার সাহসকে সম্মান জানায়, তখন আরও বেশি সাহস পাই। তখন মনে হয়, আমি সঠিক পথেই আছি।’
