নাটোরের বাগাতিপাড়ায় এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জন নারী ও ৯ জন পুরুষ রয়েছেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
বুধবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার পর বাগাতিপাড়া পৌরসভার নওশেরা, বারইপাড়া, সোনাপাতিল, মালঞ্চি ও পেড়াবাড়িয়া মহল্লায় এসব ঘটনা ঘটে। আহতরা বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
আহতদের একজন বাগাতিপাড়া পৌরসভার পূর্ব সোনাপাতিল এলাকার বাসিন্দা ইমরান আলী (৪২) জানান, সন্ধ্যায় বাড়ি থেকে সেন্টারের দিকে যাওয়ার সময় হঠাৎ একটি শিয়াল তার পায়ে কামড় দেয়। পরে পা ঝাঁকিয়ে শিয়ালের মুখ থেকে মুক্ত হন তিনি। হাসপাতালে চিকিৎসা নিতে এসে আরও আট থেকে দশজনকে শিয়ালের কামড়ে আহত অবস্থায় চিকিৎসা নিতে দেখেন।
উপজেলার মালঞ্চি এলাকার বাসিন্দা পলি খাতুন (১৮) জানান, তিনি বাড়ি থেকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসার সময় হাসপাতালের গেটে একটি শিয়াল তাকে কামড় দেয়। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছেন।
পৌরসভার সোনাপাতিল এলাকার বাসিন্দা আকরামুল হক (৫২) জানান, বাড়িতে প্রবেশের সময় গেট খোলামাত্র পেছন থেকে এসে একটি শিয়াল তার পায়ে কামড় দেয়। পরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
আহত মাইনুল ইসলাম জানান, বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে একটি শিয়াল তার হাতে কামড় দেয়। সাথে সাথে তিনিও হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য যান।
বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শামুন আল হাসান সৌমিক জানান, বুধবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে শেয়ালের কামড়ে আহত প্রথম রোগী হাসপাতালে আসেন। এরপর একে একে আরও রোগী আসতে থাকেন। প্রায় এক ঘণ্টার মধ্যে মোট ১১ জন শেয়ালের কামড়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন।
তিনি আরও জানান, শেয়ালের কামড়ের শিকার হলে আতঙ্কিত না হয়ে দ্রুত ক্ষতস্থান সাবান ও প্রবাহমান পানি দিয়ে অন্তত ১৫ মিনিট ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। পাশাপাশি, দ্রুত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জলাতঙ্ক প্রতিরোধী টিকা ও প্রয়োজনীয় চিকিৎসা নিতে হবে। হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন মজুত রয়েছে।
আরএআর
