নারায়ণগঞ্জের বন্দরে ভাঙ্গারি ব্যবসার পাওনা ২২ লাখ টাকা চাওয়ায় মাকসুদা বেগম (৭২) নামের এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীদের বাধা দিতে গিয়ে জখম হয়েছেন নিহতের ছেলে রাসেল (৪২) ও প্রতিবেশী শফিকুল ইসলাম (৬২)।
সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে থানার মাহমুদনগর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়েছে।
ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
স্থানীয় সূত্র ও নিহতের পরিবার জানায়, মাহমুদনগর এলাকার তোরখ আলীর ছেলে সাদ্দামের কাছে একই এলাকার মরহুম নাজির সরদারের ছেলে নাদিম হোসেনের ভাঙ্গারি ব্যবসার ২২ লাখ টাকা পাওনা ছিল। পাওনা টাকা দেয়া নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। দেনাদার সাদ্দাম টাকা না দিয়ে নানাভাবে তালবাহানা করে আসছিলেন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে পাওনাদার নাদিমের মা মাকসুদা বেগম দেনাদার সাদ্দামের কাছে পাওনা টাকা চাইতে যান। এ সময় সাদ্দাম এবং একই এলাকার হাবিউল্লাহ মিয়ার তিন ছেলে সামাউন হাবিব, অলিদ ও খোকনসহ অজ্ঞাত পরিচয়ের পাঁচ-ছয়জন দেশীয় ধারাল অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করলে ঘটনাস্থলেই মাকসুদা বেগমের মৃত্যু হয়। খবর পেয়ে মাকসুদা বেগমের ছেলে রাসেল ও প্রতিবেশী শফিকুল ইসলাম তাকে বাঁচাতে এগিয়ে এলে হামলাকারীরা তাদেরকেও এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে বন্দর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সাখে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
