যশোরের শার্শা উপজেলায় তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার আপন দাদার বিরুদ্ধে। গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার বালুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। শিশুটি বর্তমানে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
অভিযুক্ত ব্যক্তি নূর আহমদ (৮৫)। তিনি শার্শা উপজেলার বালুন্ডা গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে নিজ বাড়িতে শিশুটিকে নিজের কক্ষে নিয়ে ধর্ষণ করেন বলে নূর আহমদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। পরে বিষয়টি জানাজানি হলে শিশুটিকে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটি বর্তমানে হাসপাতালের গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। অভিযোগের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।
