রাজধানীর শাহবাগ থানার একটি মামলার তদন্তে বিভিন্ন ব্র্যান্ডের ১১৭টি মোবাইলফোন উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ। উদ্ধার করা ফোনগুলোর মধ্যে নিজের হারানো বা চুরি হওয়া মোবাইল রয়েছে কিনা, তা যাচাই করতে মালিকদের আইএমইআই নম্বর মিলিয়ে দেখার আহ্বান জানিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম মামলাটির তদন্তের অংশ হিসেবে এসব মোবাইলফোন উদ্ধার ও জব্দ করে। উদ্ধার করা ফোনগুলোর ব্র্যান্ড ও আইএমইআই নম্বরের তালিকাও প্রকাশ করেছে ডিএমপি। তালিকায় স্যামসাং, ভিভো, রিয়েলমি, রেডমি, অপো, টেকনো, ইনফিনিক্স, আইফোন, হুয়াওয়ে, অনারসহ বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল রয়েছে। তালিকার কয়েকটি ফোনের আইএমইআই নম্বরের পরিবর্তে সিরিয়াল নম্বর উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হারানো বা চুরি হওয়া ফোনের মালিকদের প্রকাশিত তালিকার সঙ্গে নিজেদের ফোনের আইএমইআই নম্বর মিলিয়ে দেখতে বলা হয়েছে। ফোনের আইএমইআই নম্বর জানতে সাধারণত মোবাইলে *#০৬# ডায়াল করা যায়। এরপর প্রাপ্তনম্বরের সঙ্গে ডিএমপির তালিকায় থাকা নম্বর মিলিয়ে দেখতে হবে। তালিকায় নিজের ফোন শনাক্ত হলে মালিকানার প্রমাণসহ সংশ্লিষ্ট আদালতে আবেদন করতে হবে। আদালতের আদেশ পাওয়ার পর আদেশের কপি ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উদ্ধার হওয়া ফোন বুঝে নেওয়ার জন্য ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মো. মনজিল সিদ্দিকীর সঙ্গে যোগাযোগ করতে হবে। এজন্য ০১৬৭৬-২৭১৫২৯ নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছে ডিএমপি।
