হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যে যে-ই ধর্মেরই অনুসারী হোক না কেন, নাগরিক হিসেবে সবাই সমান অধিকার ভোগ করবে। এখানে ‘সংখ্যাগরিষ্ঠ’ বা ‘সংখ্যালঘু’ বলতে কোনো বিভেদ থাকবে না বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। গত বৃহস্পতিবার চাটখিল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভাকক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজাম-পের নেতাদের সঙ্গে মতবিনিময় ও সরকারি অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউএনও মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবী, ওসি আব্দুল মোন্নাফ এবং উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চাটখিল পৌরসভা বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মোস্তফা কামাল, পৌরসভা বিএনপির সদস্য সচিব আহসানুল হক মাসুদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান রানা, যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন টিপু, আনিস আহমেদ হানিফ, পৌরসভা যুবদলের সভাপতি ও বিআরডিবির চেয়ারম্যান মাসুদ রানা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ নবী বাবু, পূজা উদযাপন পরিষদের সভাপতি মানিক দেবনাথ ও সাধারণ সম্পাদক রতন চক্রবর্তীসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। শেষে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং সাম্প্রতিক সময়ে হাসপাতালে হামে আক্রান্ত হয়ে শিশুমৃত্যুর বিষয়ে খোঁজখবর নেন। এ ছাড়া পাঁচগাঁও ইউনিয়নে চলমান ‘ফ্যামিলি কার্ড’-এর তথ্য সংগ্রহ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।