কিছু মানুষ জীবনে আসে গল্প হয়ে, আবার কেউ এসে বদলে দেয় পুরো গল্পটাই। এমনই এক রহস্যময় চরিত্রে দেখা যাবে অভিনেতা ইয়াশ রোহানকে। তাঁর জীবনে নতুন মোড় এনে দেবে নাজনীন নীহা অভিনীত সারা চরিত্রটি। সময়ের আলোচিত এই জুটিকে এবার দেখা যাবে ‘তোমার পরে তুমি’ নাটকে।
নাটকের গল্পে দেখা যায়, জীবনের কঠিন এক সময়ে দাঁড়িয়ে সারা। এমন সময় একটি অঘটন ঘটানোর চেষ্টা করে সে। ঠিক তখনই অতর্কিতভাবে হাজির হয় অপরিচিত এক যুবক, সজল। তার সঙ্গে রয়েছে একটি পোষা বিড়াল। সজলের উপস্থিতিতে নিজের সিদ্ধান্ত বদলে ফেলে সারা। এত দিন বিড়ালটি ছিল সজলের সঙ্গী, ঘটনাচক্রে এবার সেই সঙ্গী হয়ে ওঠে সারা। সজলের হাত ধরে জীবনে নতুন দিশা খুঁজে পায় সে। এভাবেই গল্পে আসে নতুন মোড়। নাটকটিতে সজল চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান।
‘তোমার পরে তুমি’ নাটকে ইয়াশ ও নাজনীন নীহার সঙ্গে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন পার্থ শেখ। প্রথমবারের মতো এই তিন অভিনয়শিল্পীকে একসঙ্গে দেখা যাবে একই নাটকে।
রাসেল পারভেজের রচনায় নাটকটি নির্মাণ করেছেন জাহিদুল ইসলাম সুজন। অচিরেই নাটকটি প্রকাশ পাবে ইউটিউব চ্যানেলে। নাটকে ব্যবহার করা হয়েছে ‘তোমার পিছু’ শিরোনামের একটি গান। নাজির মাহমুদের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন রিয়াদ।
সংশ্লিষ্ট সংবাদ: ইয়াশ রোহান
২৫ জানুয়ারি ২০২৬
২৩ জানুয়ারি ২০২৬
০৩ নভেম্বর ২০২৫
