রোমার মাঠে ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। লা লিগায় বেশ পিছিয়ে থাকা দলটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের তৃতীয় রাউন্ডের খেলায়ও আপসেটের শঙ্কায় ছিল। তবে শেষ ৭ মিনিটে ঝড় তুলে তিন গোল করল হোসে মরিনিয়োর দল। রুদ্ধশ্বাস সেই লড়াইয়ের পর তার সাবেক ক্লাব রোমাকে রিয়াল ৪-৩ গোলে হারিয়েছে।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটিতে প্রায় সমান পাল্লায় লড়েছে রিয়াল ও রোমা। যেখানে নিজেদের সাবেক কোচ মরিনিয়োকে সম্মান জানিয়ে ম্যাচের শুরুতে রোমার সমর্থকরা বড় টিফো প্রদর্শন করে গ্যালারিতে। এরপর স্বাগতিকরা লম্বা সময় এগিয়ে থেকেও শেষটা হলো হতাশার হারে। রোমাকে ৫৭ মিনিটেই ৩-১ ব্যবধানে এগিয়ে দেওয়ার পথে মার্টেন ডি রুন একটি ও ডনিয়েল মালেন দুটি গোল করেছেন।
অন্যদিকে, সফরকারী রিয়াল মাদ্রিদ প্রথমে পিছিয়ে পড়ার পর সমতায় ফেরান কিলিয়ান এমবাপে। এরপর ব্যবধান কমিয়ে স্কোরলাইন নিজের পক্ষে আনার পথে একটি করে গোল দিয়েছেন কার্লোস এস্পি, ফেলিপে এন্ড্রিক ও অ্যান্তোনিও রুডিগার। গলায় আটকে থাকা লস ব্লাঙ্কোসদের সেই শ্বাস তখন উল্লাসে রূপ নেয়।
