সভার অন্যতম প্রধান আলোচ্য বিষয় ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণ। বৈঠকে এ নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করার পাশাপাশি স্থানীয় সরকার পরিষদের অন্যান্য নির্বাচন নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করার লক্ষ্যে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশনের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।
এতে অন্য চার নির্বাচন কমিশনার, সিনিয়র সচিব আখতার আহমেদসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন।
ইসি সূত্রে জানা গেছে, সভার অন্যতম প্রধান আলোচ্য বিষয় ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণ। বৈঠকে এ নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করার পাশাপাশি স্থানীয় সরকার পরিষদের অন্যান্য নির্বাচন নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
এর আগে গত রোববার (১১ অক্টোবর) নির্বাচন কমিশনের পক্ষ থেকে পাঠানো এক চিঠিতে সোমবার সকাল সাড়ে ১০টায় প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে সভা আয়োজনের কথা জানানো হয়। সিইসির সভাকক্ষে অনুষ্ঠেয় এ বৈঠকে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছিল।
নির্বাচন কমিশনের নির্ধারিত আলোচ্যসূচিতে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণ ছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে রয়েছে স্থানীয় সরকার পরিষদের নির্বাচনসমূহ নিয়ে আলোচনা এবং জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণের বিষয়টি নির্ধারণ।
এ ছাড়া পার্সোনালাইজেশন সেন্টারে থাকা মেশিনগুলোর বর্তমান অবস্থা ও রক্ষণাবেক্ষণ, জাতীয় পরিচয়পত্র মুদ্রণ, বকেয়া বিল পরিশোধ এবং নতুন চুক্তি সম্পাদনসংক্রান্ত বিষয়গুলো নিয়ে গঠিত কমিটির কার্যবিবরণী পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।
