রিকশায় যাওয়ার পথে সাংবাদিকের স্ত্রীর ব্যাগ ছিনতাই
রাজধানীর শ্যামলীতে রিকশায় যাওয়ার পথে সাংবাদিক শাহজাহান আকন্দ শুভ ও তাঁর স্ত্রী ছিনতাইয়ের শিকার হয়েছেন। মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাঁর স্ত্রীর ব্যাগ ছিনিয়ে নেয়। ব্যাগে ৩৫ হাজার টাকা, দুটি মোবাইল ফোনসহ বিভিন্ন জিনিস ছিল।
অন্যান্য
জার্নাল ডেস্করাজধানীর শ্যামলীতে ব্যাটারিচালিত রিকশায় যাওয়ার সময় ছিনতাইকারীর কবলে পড়েছেন এক সাংবাদিক ও তাঁর স্ত্রী।
শনিবার সকাল সোয়া ৭টার দিকে শ্যামলীর শিশুমেলা এলাকায় মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা হ্যাঁচকা টানে তাঁর স্ত্রীর ব্যাগ ছিনিয়ে নেয় বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় সাংবাদিক শাহজাহান আকন্দ শুভ মোহাম্মদপুর থানায় অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছেন থানার এসআই রকিবুল।
শাহজাহান আকন্দ শুভ দৈনিক আমাদের সময়ের অপরাধবিষয়ক প্রতিবেদকদের প্রধানের দায়িত্ব পালন করছেন। তিনি স্ত্রীর সঙ্গে আজিমপুরের বাসা থেকে কল্যাণপুরে যাচ্ছিলেন।
এসআই রকিবুল বলেন, ছিনতাইকারীরা ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে। সেখানে ৩৫ হাজার টাকা, দুটি মোবাইল ফোন, ব্যাংকের ডেবিট কার্ড ও ঘড়িসহ অন্যান্য জিনিসপত্র ছিল।
ঘটনার পর আশপাশের কয়েকটি সিসিটিভি ক্যামেরার ভিডিও বিশ্লেষণ করে প্রাথমিকভাবে মোটরসাইকেলটি শনাক্ত করার কথা জানিয়েছেন তিনি।
থানায় দেওয়া অভিযোগে সাংবাদিক শুভ বলেন, পারিবারিক কাজে তাঁর স্ত্রীর কল্যাণপুর থেকে বাসে কুষ্টিয়া যাওয়ার কথা ছিল। সে কারণে স্ত্রীকে নিয়ে বাসা থেকে বের হয়েছিলেন তিনি। তাঁদের রিকশাটি শিশুমেলার বিপরীত পাশের সড়কে ফুটব্রিজের সামনে পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাঁর স্ত্রীর হাতে থাকা ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যান।
বাংলাদেশ জার্নাল/এনএম
