কুমিল্লার চান্দিনা উপজেলার মো. সাগর (২৫) নামের এক তরুণ রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ হারিয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) তার মৃত্যুর খবর পায় পরিবার।
নিহত সাগর চান্দিনা পৌরসভার ছায়কোট এলাকার কবির হোসেনের ছেলে। তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট ছিলেন।
বিজ্ঞাপন
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, নিম্নবিত্ত পরিবারের সন্তান সাগর। উপজেলা সদরের একটি রড-সিমেন্টের দোকানে কিশোর বয়স থেকেই রিকশা-ভ্যান চালিয়ে পরিবারের আর্থিক জোগান দিতেন। ২০২৫ সালের মাঝামাঝিতে ওই দোকান ম্যানেজারের সহযোগিতায় ছয় লাখ টাকায় রাশিয়া পাড়ি জমান। সেখানে একটি বেকারিতে কাজ নেন তিনি।
বাংলাদেশি মুদ্রায় বেতন প্রায় ৭০ হাজার টাকা। সেখানে পরিচয় হয় বাংলাদেশি দালালের সঙ্গে। ওই দালাল তাকে রাশিয়ান সেনাবাহিনীতে চাকরিতে নিযুক্ত করে দেবেন বলে এককালীন ৩০ লাখ টাকার প্রলোভন দেখান। চলতি বছরের মে মাসে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে চলে যান সাগর। তারপর বন্ধ হয়ে যায় পরিবারের সঙ্গে যোগাযোগ।
বিজ্ঞাপন
শনিবার (১৭ অক্টোবর) রাশিয়া থেকে সাগরের এক বন্ধু তার বোনকে ফোন করে জানান, সাগর মারা গেছেন। এই খবরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
সাগরের চাচা আব্দুল আওয়াল বলেন, ‘সাগর যখন রাশিয়ার বেকারিতে চাকরি ছেড়ে রাশিয়ান সেনাবাহিনীতে চাকরির কথা আমাকে জানায়, তখন তাকে নিষেধ করেছিলাম। ওই দেশের দালাল তাকে ভুল তথ্য দিয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সৈনিক হিসেবে যুক্ত করেছে। শনিবার তার বন্ধু জানিয়েছে সাগর মারা গেছে।’
সাগরের বাবা কবির হোসেন বলেন, ‘অনেক ধার-দেনা করে তাকে বিদেশ পাঠিয়েছি। ৪-৫ মাস ধরে ছেলেটার সঙ্গে কথাও বলতে পারিনি। এখন শুনি আমার ছেলে আর নেই। সরকারের কাছে আমার দাবি, শেষ বিদায়ে ছেলের মুখ যেন দেখতে পাই। সে বিষয়ে সরকার সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি।’
বিজ্ঞাপন
এ বিষয়ে চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।’
জাহিদ পাটোয়ারী/এসআর/এএসএম
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
