গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে অন্তঃসত্ত্বা স্ত্রী সীমা রানী দাসকে (২৫) কুপিয়ে ও গলা কেটে হত্যার অভিযোগে তাঁর স্বামী উদ্ভবকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যার পর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে ঘটনাটি জানান তিনি।
রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের চিনাশুকানিয়া গ্রামের বড়চালা এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ভব ওই গ্রামের নকুল দাসের ছেলে।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানা যায়, দাম্পত্য কলহ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। রোববার রাতে সীমা রানীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের পর গলা কেটে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, ৯৯৯-এ ফোন করে স্ত্রীকে হত্যার কথা পুলিশকে জানান উদ্ভব। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাত ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
