সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি মা ও ছেলে নিহত হয়েছেন। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নিহত নারীর স্বামী।
সোমবার (১২ অক্টোবর) রাতে আবুধাবির উপকণ্ঠে আল ওয়াথবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—অসীমা চৌধুরী (৪৮) এবং তার একমাত্র ছেলে অরিত্র বিশ্বাস (১৫)। আহত হয়েছেন সৌরভ বিশ্বাস। তাদের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্ব কধুরখীল গ্রামে।
নিহতদের পারিবারিক বন্ধু ও আবুধাবি প্রবাসী সংগঠক সজল চৌধুরী বলেন, ওই রাতে সৌরভ বিশ্বাস তার গাড়ি চালিয়ে পরিবারসহ আল ওয়াথবায় একটি পারিবারিক অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে আবু ধাবি-আল আইন রোডের আল ওয়াথবা এক্সিট-৪৭ এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি নিশান সাফারি গাড়ি তাদের আঘাত করে।
এ সময় ঘটনাস্থলে অসীমা চৌধুরী ও অরিত্র বিশ্বাস নিহত হন। আহত সৌরভ বিশ্বাসকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
