নওগাঁর মান্দায় ছয় শতক জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে বাছুরে খড় খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় শহিদুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী ও ভাই আহত হয়েছেন। হত্যাকাণ্ডের ঘটনায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে এক নারীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার ১২ নম্বর কাঁশোপাড়া ইউনিয়নের তুলশীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শহিদুল ইসলাম ওই গ্রামের দারাজ উদ্দিন মণ্ডলের ছেলে। আহতরা হলেন তাঁর স্ত্রী সাথী বেগম (২৫) ও ভাই সাইফুল ইসলাম (৩০)। তাঁদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, তুলশীরামপুর গ্রামে ছয় শতক জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সন্ধ্যায় শহিদুল ইসলামের একটি বাছুর প্রতিবেশী ইব্রাহীম হোসেনের খড়ের পালা থেকে খড় খায়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ইব্রাহীম হোসেনের নেতৃত্বে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে শহিদুলের ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, প্রতিপক্ষের উপর্যুপরি আঘাতে শহিদুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। এ সময় তাঁকে রক্ষা করতে এগিয়ে গেলে তাঁর স্ত্রী সাথী বেগম ও ভাই সাইফুল ইসলামও হামলার শিকার হন। পরে স্থানীয় বাসিন্দারা আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ঘটনার পর থেকে অভিযুক্ত ইব্রাহীম হোসেন ও মোয়াজ্জেম হোসেনসহ অন্যরা আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এদিকে মঙ্গলবার রাতেই নিহতের স্ত্রী সাথী বেগম বাদী হয়ে মান্দা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই গ্রামের ইব্রাহীম হোসেনের স্ত্রী ইরজান ওরফে ফরিদা বিবিকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে এক নারীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
