ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ টাকার জাল নোটসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও মোটরসাইকেল জব্দ করা হয়। গতকাল শনিবার বিষয়টি নিশ্চিত করেন ওসি তরিকুল ইসলাম। এর আগে শুক্রবার ভাদাইল পবনারটেক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলেনÑ বরিশালের আগৈলঝাড়া উপজেলার ফুল্লশ্রী গ্রামের কামাল সরদার (৪৮) ও গৌরনদী উপজেলার চরসি গ্রামের মানিক সরকার (১৯)। তারা গাজীপুরের কাশিমপুর থানার ভবানীপুর গ্রামে ভাড়া থাকতেন। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযানে কামালের কাছ থেকে ১ হাজার টাকা মূল্যমানের ২০০ ও ৫০০ টাকার ৬১১টি জাল নোট পাওয়া যায়। একই সঙ্গে জাল নোট শক্ত করার আঠা ও মোটরসাইকেল জব্দ করা হয়। অন্যদিকে মানিকের কাছ থেকে ১০০ টাকা মূল্যমানের ৭২৩ ও ৫০ টাকার ২৬টি জাল নোট উদ্ধার করা হয়। ওসি তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে। জাল নোট তৈরি ও সরবরাহের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।