পাবনায় আবাসিক মহিলা মাদ্রাসার চতুর্থ শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে নুরে মদিনা আবাসিক মহিলা মাদ্রাসার পরিচালক আবু ইউসুফকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনা জানাজানি হলে ক্ষুব্ধ এলাকাবাসী মাদ্রাসাটিতে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করেন।
গত বৃহস্পতিবার রাতে সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের ভাউডাঙ্গা কালুরপাড়া এলাকার ওই মাদ্রাসায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার আবু ইউসুফ আতাইকুলা থানার খালিশপুর গ্রামের মৃত ইয়াকুবের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালুরপাড়া এলাকার ইসায় প্রামাণিকের বাড়ি ভাড়া নিয়ে কয়েক বছর আগে আবাসিক মহিলা মাদ্রাসাটি চালু করেন আবু ইউসুফ। বৃহস্পতিবার রাতে মাদ্রাসার চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে জোরপূর্বক নিজের কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান তিনি। ঘটনাটি দেখে অপর এক সহপাঠী বাইরে এসে চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে এসে শিশুটিকে উদ্ধার এবং পরিচালককে গ্রেপ্তার করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
গতকাল শুক্রবার সকালে ঘটনাটি ছড়িয়ে পড়লে উত্তেজিত এলাকাবাসী ভাড়াবাড়িতে পরিচালিত ওই মাদ্রাসায় ভাঙচুর চালান এবং আগুন ধরিয়ে দেন। স্থানীয়দের দাবি, পরিচালক আবু ইউসুফ ঘটনার দিন সকালেই কৌশল করে তার স্ত্রীকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন।
পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ জানান, এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির চাচা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বর্তমানে ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।