ফ্যাশনে হল্টার নেকলাইনের জনপ্রিয়তা আবারও চোখে পড়ার মতো। বাংলাদেশের তারকারাও নানা রং, কাট ও নকশার হল্টারনেক পোশাকে তুলে ধরছেন নিজস্ব স্টাইল। কখনো বোল্ড, কখনো মার্জিত, আবার কখনো ছুটির আমেজে ভরপুর—হল্টারনেক পোশাকে তারকাদের সাজে দেখা যাচ্ছে বৈচিত্র্য। গ্ল্যামারাস পার্টি লুক থেকে শুরু করে অবকাশযাপনের আরামদায়ক সাজ, নানা আয়োজনে এই স্টাইল বেছে নিয়েছেন তাঁরা। গলার পেছনে ফিতা বা কাপড়ের বন্ধনীতে আটকে থাকা এই নেকলাইনের বিশেষত্ব হলো এটি কাঁধ ও পিঠের অংশকে তুলে ধরে লুকে যোগ করে ভিন্ন মাত্রা। পোশাকের কাট ও নকশাভেদে হল্টারনেক লুকে কখনো ফুটে ওঠে সাহসী আবেদন, কখনো মিনিমাল স্নিগ্ধতা। বাংলাদেশের তারকাদের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছবি থেকে বেছে নেওয়া হয়েছে এমনই কিছু হল্টারনেক লুক। দেখে নেওয়া যাক, কোন তারকা কীভাবে সাজিয়েছেন নিজের স্টাইল।















