সিলেট বিভাগে হামে মৃত্যু ও সংক্রমণ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। ফলে চলতি বছরের শুরু থেকে ২৩ অক্টোবর পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম ও উপসর্গে ২০০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০ জন।
শুক্রবার (২৩ অক্টোবর) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
সর্বশেষ মারা যাওয়া তিন শিশুর মধ্যে দুজন সিলেট জেলার এবং একজন হবিগঞ্জের বাসিন্দা। সিলেটের বিয়ানীবাজার উপজেলার ১ বছর বয়সী, কোম্পানীগঞ্জ উপজেলার ৯ মাস বয়সী এবং হবিগঞ্জের ৩ মাস বয়সী শিশু মারা গেছে। তিন শিশুরই মৃত্যু হয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৩ অক্টোবর পর্যন্ত সিলেট বিভাগে ১ হাজার ১১৫ জনের হাম শনাক্ত হয়েছে। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৪৪২ জন, সুনামগঞ্জে ৩৫৭ জন, হবিগঞ্জে ১৫৮ জন এবং মৌলভীবাজারে ১৫৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। হবিগঞ্জে শনাক্ত ব্যক্তিদের মধ্যে দুইজন রুবেলায় আক্রান্ত।
এদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৯৪ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪৯ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩২ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৯ জন ভর্তি হয়েছেন।
জেলাভিত্তিক মৃত্যুর হিসাবে, সন্দেহভাজন হামে সিলেটে ৭৯ জন, হবিগঞ্জে ২৮ জন, মৌলভীবাজারে ১৫ জন এবং সুনামগঞ্জে ৬৮ জন মারা গেছেন। অন্যদিকে, নিশ্চিত হামে সিলেট ও হবিগঞ্জে চারজন করে এবং মৌলভীবাজার ও সুনামগঞ্জে একজন করে মারা গেছেন।
