ভিডিও প্ল্যাটফর্ম হিসাবে জুড়ি মেলা ভার। ৮ থেকে ৮০ – গান শোনা হোক কিংবা পছন্দের সিনেমা দেখা, সব ক্ষেত্রেই কোটি কোটি মানুষের ভরসা ইউটিউব। কোথাও যাওয়ার পথে বা কাজের ফাঁকে, প্রায় সকলেই চোখ রাখেন ইউটিউবে। তাছাড়া ছোট থেকে বড় যাবতীয় বিষয়ে জানতেও এই ভিডিও প্ল্যাটফর্মটি ব্যাপক জনপ্রিয়। তবে বিজ্ঞাপনের ঝামেলা এড়িয়ে ভিডিও দেখা, ব্যাকগ্রাউন্ডে গান শোনার মতো সুবিধা পেতে হলে ভরসা করতে হয় ইউটিউব প্রিমিয়ামের উপর। তার জন্য গুনতে হয় মাসিক সাবস্ক্রিপশন ফি। কিন্তু জানেন এবার এক পয়সাও খরচ না করে বিনামূল্যে ব্যবহার করতে পারেন ইউটিউব প্রিমিয়াম?
হ্যাঁ, ঠিকই শুনেছেন। তবে তার জন্য আপনাকে এয়ারটেলের প্রিপেড গ্রাহক হতে হবে। জানা যাচ্ছে, টেলিকম সংস্থাটি সম্প্রতি ইউটিউবের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে। বাজারে এনেছে ২০০ টাকার ওটিটি টপ-আপ। এটি রিচার্জ করলেই বিনামূল্যে উপভোগ করতে পারবেন ইউটিউব প্রিমিয়াম। এই প্ল্যানটিতে অতিরিক্ত ৩০ জিবি মোবাইল ডেটাও অন্তর্ভুক্ত রয়েছে। মেয়াদ ২৮ দিন। অর্থাৎ, আলাদা করে ইউটিউব প্রিমিয়ামের সাবস্ক্রিপশন কেনার দরকার নেই। তবে মনে রাখতে হবে, এই টপ-আপ রিচার্জের আগে আপনার এয়ারটেল সিমে সক্রিয় প্রিপেড রিচার্জ থাকতে হবে।
টপ-আপ রিচার্জের পর কীভাবে পাবেন ইউটিউব প্রিমিয়াম? প্রথমে আপনার স্মার্টফোনে এয়ারটেল অ্যাপ খুলুন। তারপর ‘রিওয়ার্ডস অ্যান্ড ওটিটি’ সেকশনে যান। এরপর ইউটিউব প্রিমিয়াম অফারটি খুঁজুন। অফারটির উপর ক্লিক করে তা ‘ক্লেম’ করুন। এরপর ইউটিউব সাবস্ক্রিপশনটি সক্রিয় করতে স্ক্রিনে দেওয়া নির্দেশাবলী অনুসরণ করুন।
