গাজীপুরের কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের কার্টন কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার শৈলডুবী এলাকায় কারখানাটিতে আগুন লাগে। পরে দুপুর ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, খবর পেয়ে প্রথমে কাশিমপুর মিনি ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়লে সারাবো, ডিবিএল ও মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের আরও ইউনিট যোগ দেয়। সব মিলিয়ে নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
কাশিমপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, আগুনে কারখানার ভেতরে থাকা কার্টন ও পোশাক তৈরির সুতা পুড়ে গেছে। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো জানা যায়নি।
আগুন পুরোপুরি নির্বাপণের পর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
