কালবেলা · রাজনীতি
সুবিধাবঞ্চিতদের সব সরকারি সুবিধার আওতায় আনা হবে: পরিবেশ প্রতিমন্ত্রী
১৯/১০/২০২৬

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন শেখ ফরিদুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিতে যেসব কর্মসূচি দিচ্ছেন, সেগুলোতে সহযোগিতা করতে হবে। ফ্যামিলি ও কৃষক কার্ডসহ কোনো সেবা থেকেই সুবিধাবঞ্চিতরা বাদ পড়বেন না। সেজন্য সবাইকে উদার হতে হবে। হতদরিদ্র নারীদের নানাবিধ সহায়তা দেওয়া হবে তাদের সংসার পরিচালনার জন্য।
সোমবার (১৯ অক্টোবর) পূজামণ্ডপ পরিদর্শন ও শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা দীর্ঘকাল ধরে হিন্দু, মুসলিম ও খ্রিস্টান একসঙ্গে বসবাস করছি। আমরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ, যে যার যার ধর্ম পালন করছি। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। বৈষম্যহীন ও সম্প্রীতির এই বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই।
তিনি আরও বলেন, প্রত্যেকটা ধর্মীয় অনুষ্ঠান আসে সাম্যর বার্তা নিয়ে। প্রত্যেক ধর্মের মূলমন্ত্র হচ্ছে শান্তি, সম্প্রীতি ও ঐক্যবদ্ধভাবে চলা। কিন্তু আমরা স্বার্থপর হয়ে গেছি, আমরা পরিবারের বাইরে চিন্তা করতে পারি না। এই মানসিকতায় আমরা জড়িয়ে গেছি। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।
বৃক্ষরোপণ কর্মসূচি সম্পর্কে শেখ ফরিদুল ইসলাম বলেন, সারা দেশের মানুষ চেষ্টা করছে গাছ লাগানোর। আমাদের এই উপকূল জলবায়ু পরিবর্তনজনিত কারণে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ এলাকার মানুষের সমস্যা সমাধান করতে গেলে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
প্রতিমন্ত্রী বলেন, এই জনপদের সব সমস্যা সমাধানে কাজ করা হচ্ছে। আমি আপনাদের টাকা-পয়সা চুরি করে খাব না। যেন কেউ আমাকে চোর বলতে না পারে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) অর্থিতা হাওলাদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, সাংগঠনিক সম্পাদক শাকির হোসেন, বিএনপি নেতা শেখ রুস্তুম আলী, বাবুল হোসেন রনি, আ. হাকিম বাচ্চু, মো. নজরুল ইসলাম, বিএনপি নেত্রী কমলা বেগম ও আয়েশা সিদ্দিকা।
মূল প্রতিবেদনে যান ↗