শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আগামী ২০ অক্টোবর রংপুরে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করবেন। প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরকে কেন্দ্র করে নগরীতে প্রস্তুতি জোরদার করেছে প্রশাসন ও স্থানীয় বিএনপি।
আজ বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত সফরসূচি থেকে এ তথ্য জানা গেছে।
জেলা প্রশাসক ইসরাত জাহান জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে। সফরসূচি অনুযায়ী রংপুরের রাম গোবিন্দ মন্দির বা রংপুর ধর্মসভা মন্দির পরিদর্শনের কথা রয়েছে তাঁর। তবে বিকল্প হিসেবে শ্রী শ্রী করুণাময়ী কালীবাড়ী মন্দির ও গুপ্তপাড়া মন্দিরও প্রস্তুত রাখা হচ্ছে।
সফরসূচি অনুযায়ী, আগামী ২০ অক্টোবর মঙ্গলবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে উড়োজাহাজে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে রংপুর নগরীর রাধা গোবিন্দ মন্দিরের উদ্দেশে রওনা দেবেন তিনি। বেলা ১১টার দিকে মন্দিরটি পরিদর্শন করার কথা রয়েছে তাঁর। পরে সৈয়দপুর বিমানবন্দর হয়ে রাজশাহী এবং সেখান থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। একই দিনে এই দুই শহরেও পূজামণ্ডপ পরিদর্শনের কর্মসূচি রয়েছে তাঁর।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব ও রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাড. মাহফুজ উন-নবী চৌধুরী ডন বলেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে এখানকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। দলীয়ভাবে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। দেশের মধ্যে এটি একটি বিরল ঘটনা ঘটতে যাচ্ছে যে প্রধানমন্ত্রী রাজধানীর বাইরে শারদীয় দুগোৎসবে পূজামণ্ডপ দেখতে প্রত্যন্ত অঞ্চলে আসছেন।
উল্লেখ্য, রংপুরে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ একটি মিলনকেন্দ্র রাম গোবিন্দ মন্দির। এটি রংপুর ধর্মসভা মন্দির নামেও পরিচিত। এই মন্দির কেবল একটি উপাসনালয় নয়, বরং দীর্ঘদিন ধরে এটি হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন ধর্মীয় উৎসব, সভা-সমাবেশ এবং সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
