পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফর ঘিরে নগর ও জেলাজুড়ে চার স্তরের নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে; দায়িত্বে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর ২০ হাজারের বেশি সদস্য। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নজরদারি বাড়ানো হয়েছে।
মঙ্গলবার চট্টগ্রামের ঐতিহ্যবাহী জে এম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। শনিবার (১৭ অক্টোবর) পূজামণ্ডপটির নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা।
সকাল সাড়ে ১০টার দিকে নগরীর রহমতগঞ্জের জে এম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করেন এসআরবি-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান।
পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, ২০ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামে জে এম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন। সফরটি নির্ধারিত নিরাপত্তা প্রটোকল অনুযায়ী স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) নির্দেশনা ও সমন্বয়ে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।
গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যেকোনো চেষ্টা নস্যাৎ করতে অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া নজরদারি চালানো হচ্ছে বলেও জানান তিনি।
একই দিন পূজামণ্ডপটি পরিদর্শন করেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্ল্যাহ, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান শামীম এবং চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী।
সিএমপি কমিশনার মো. শওকত আলী বলেন, পূজা উদ্যাপন কমিটির সঙ্গে সমন্বয় করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও অন্যান্য বাহিনীর মাধ্যমে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর সফরকে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি সংহতি প্রকাশের উদ্যোগ হিসেবে দেখছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। সংসদ সদস্য এরশাদ উল্ল্যাহ বলেন, প্রধানমন্ত্রী সনাতন ধর্মাবলম্বীদের প্রতি সংহতি প্রকাশ করতেই চট্টগ্রামে আসছেন। এটি আমাদের ও সনাতন ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত আনন্দের। দল ও প্রশাসনের পক্ষ থেকে তার এই আগমন সফল করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে।
জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান শামীম বলেন, প্রধানমন্ত্রীর সফর ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি পুরো চট্টগ্রামবাসী উচ্ছ্বসিত। উৎসবের বাকি দিনগুলো নির্বিঘ্ন ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হবে বলে তিনি আশাবাদী।
The post প্রধানমন্ত্রীর সফর ঘিরে চট্টগ্রামে চার স্তরের নিরাপত্তা, মাঠে ২০ হাজার সদস্য appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
