প্রকৃতি আর বিজ্ঞানের আজব ‘খেলা’! তাতেই মাঝেমাঝে এমন অভূতপূর্ব দৃশ্য জন্ম নেয়, যা দেখলে স্বতঃস্ফূর্তভাবেই মনে আসে সেই উপমা – ‘আহা কী দেখিলাম! জন্মজন্মান্তরেও ভুলিব না…’। শরৎ ও শীতের মাঝামাঝি এই মনোরম সময় তেমনই এক বিরলতম দৃশ্য দেখা গেল ব্রাজিলের এক গুহা থেকে। ভাইরাল হওয়া ভিডিওটি দেখে মনে হচ্ছে, ঝরনাজল মাটিতে আছড়ে পড়ে সোজা আকাশে রামধনু তৈরি হচ্ছে। সূর্যের চারপাশে সেই রঙিন বলয়ের সৌন্দর্য দেখে পাগল সবাই! এর নেপথ্যে অবশ্য কোনও ম্যাজিক নয়, রয়েছে খাঁটি বিজ্ঞান। তাও ব্যাখ্যা করা হয়েছে। তবে এসব বিজ্ঞানের তোয়াক্কা না করে নয়নাভিরাম দৃশ্য জমিয়ে উপভোগ করছেন সকলে।
জল আর আলোর ছটায় আকাশে রামধনু সদৃশ রঙিন বলয়টি দেখা গিয়েছে ব্রাজিলের সাও পাওলোর একটি গুহা থেকে। কাসা ডে পেড্রা নামের ওই গুহাটি প্রায় ১৭৫ মিটার উঁচুতে অবস্থিত। ফলে এখান থেকে বায়ুমণ্ডলের উচ্চস্তরে কী কী ঘটে চলেছে, তার অনেকটা অংশ চাক্ষুষ করা যায়। বলা হচ্ছে, জল থেকে আকাশে তৈরি হওয়া রামধনুও তেমনই এক ঘটনা। বিজ্ঞানের ব্যাখ্যা, আসলে ঝরনাজলের সঙ্গে ওই রঙিন বলয়ের তেমন সম্পর্ক নেই। আকাশে যা ঘটছে, তার বিজ্ঞানের পরিভাষায় – সোলার হালো (Solar Halo)। সেটা কী? আসলে কিছুটা উচ্চ অক্ষাংশে বায়ুমণ্ডলে ধুলোকণার সঙ্গে মিশে থাকে ক্ষুদ্রাতিক্ষুদ্র বরফকুচি। সূর্যের আলোর প্রতিসরণের ফলে আকাশে সাময়িক রঙিন বলয় দেখা যায়। এখানেও তেমনটাই হয়েছে। সাধারণত বৃষ্টি হওয়া ছাড়া আকাশে এমন রামধনু দেখা যায় না। ব্যতিক্রম পাহাড়ি এলাকার আকাশ।
কাসা ডে পেড্রা গুহা থেকে যে সুন্দর রামধনুর ছবিটা ছড়িয়ে পড়েছে, তা শুধু ওই বিজ্ঞানের কারণেই নয়। এটা আসলে একটা ভ্রম, অনেকটা মরীচিকার মতো। বিজ্ঞানের পরিভাষায় ‘অপটিক্যাল ইলিউশন’। আসলে গুহার প্রবেশমুখটি উঁচুনিচু পাথরে ঘেরা, কিছুটা পার্বত্য এলাকা। তাতে ঝরনাজল পড়ে সূর্যালোকের প্রতিসরণ হচ্ছে। জলের আশপাশে তৈরি হচ্ছে রঙিন বলয়, কিন্তু তার ছায়াস্বরূপ আকাশে সূর্যের চারপাশেও সেই রামধনুর মতো দৃশ্য দেখা যাচ্ছে। যা আসল ছবি নয়, স্রেফ দৃষ্টিভ্রম।
তবে কাসা ডে পেড্রা গুহা থেকে যে সুন্দর রামধনুর ছবিটা ছড়িয়ে পড়েছে, তা শুধু ওই বিজ্ঞানের কারণেই নয়। এটা আসলে একটা ভ্রম, অনেকটা মরীচিকার মতো। বিজ্ঞানের পরিভাষায় ‘অপটিক্যাল ইলিউশন’। আসলে গুহার প্রবেশমুখটি উঁচুনিচু পাথরে ঘেরা, কিছুটা পার্বত্য এলাকা। তাতে ঝরনাজল পড়ে সূর্যালোকের প্রতিসরণ হচ্ছে। জলের আশপাশে তৈরি হচ্ছে রঙিন বলয়, কিন্তু তার ছায়াস্বরূপ আকাশে সূর্যের চারপাশেও সেই রামধনুর মতো দৃশ্য দেখা যাচ্ছে। যা আসল ছবি নয়, স্রেফ দৃষ্টিভ্রম। এমনই ব্যাখ্যা বিজ্ঞানীদের। কিন্তু সৌন্দর্যের অনুভূতি তো আর যুক্তিনির্ভরতা, বিজ্ঞানের ব্যাখ্যার ধার ধারে না। তাই ব্রাজিলের ওই দৃশ্য শুধুই সুন্দর। আর কোনও বিশ্লেষণের প্রয়োজন নেই।
