“আমরা জোর করে তুলে ধরেছি (যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনায়) যে এখন যদি না আসে (সমর্থন) তো কবে আসবে।“
Published : 14 Oct 2026, 06:06 PM
Updated : 14 Oct 2026, 06:06 PM
মার্কিন কোম্পানি বোয়িংয়ের কাছ থেকে ২৫টি উড়োজাহাজ কেনার চুক্তির পাশাপাশি দেশটি থেকে তেল, গম ও নিত্যপণ্য আমদানি বাড়ানোর পর এখন যুক্তরাষ্ট্র থেকে সহায়তা বাড়ার প্রত্যাশা করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, “আমরা জোর করে তুলে ধরেছি (যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনায়) যে এখন যদি না আসে (সমর্থন) তো কবে আসবে?
“এরকম একটা সম্পর্ক যেখানে বাংলাদেশ এতগুলো আমদানি করে। আমরা ব্যালেন্স অব পেমেন্টকে (আমদানি-রপ্তানির পার্থক্য) তারা যেটা কমাতে বলছে, কমানো হচ্ছে। সেই ক্ষেত্রে এই সহায়তাগুলো আসা উচিত। তারা একমত হয়েছে, দেখা যাক কী হয়।"
বুধবার থাইল্যান্ডের ব্যাংককে চলমান আইএমএফ ও বিশ্ব ব্যাংক গ্রুপের বার্ষিক সভায় মার্কিন অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার বিষয় সাংবাদিকদের সঙ্গে তুলে ধরতে গিয়ে তিনি এসব বলেন।
অর্থমন্ত্রী বলেন, এখানে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সভা হয়েছে। ‘ইউএস অ্যাসিস্ট্যান্স অন ডেট ম্যানেজমেন্টসহ’ সামগ্রিক ইউএস-বাংলাদেশ সম্পর্কের ওপর আলোচনা হয়েছে।
“...ইউএসএ এর পক্ষ থেকে যে বডিটা গ্রান্ট দেয়, তাদের সাথে আলোচনা হয়েছে। ট্রেজারির সাথে সেটা আলোচনা হয়েছে। বিগত দিনে সেটা আমরা সেভাবে কোনো কিছু পাইনি। আমরা তাদেরকে বলেছি বাংলাদেশ-ইউএস রিলেশনশিপ যেখানে গেছে, যেখানে বাংলাদেশ অনেকগুলো উড়োজাহাজ কিনছে, তেল কিনছে, তারপরে আপনার সয়াবিন কিনছে, ভোগ্যপণ্য কিনছে, সেই ক্ষেত্রে আজকে সময় এসেছে ইউএসএ এর এই সমর্থনগুলো ইউএসএ এর পক্ষ থেকে আসা উচিত।”
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প গত বছর যে বাণিজ্য যুদ্ধের সূচনা করেন সেটির প্রভাব বাংলাদেশেও পড়ে। ট্রাম্পের ৩৫ শতাংশ শুল্কের চাপ সামলাতে দেশটি থেকে বিভিন্ন ধরনের পণ্য আমদানি বাড়ানো শুরু করে বাংলাদেশ। দুই ধাপে মার্কিন উড়োজাহাজ প্রস্তুতকারক বোয়িংয়ের কাছ থেকে ২৫টি উড়োজাহাজ কিনতে চুক্তি করেছে সরকার।
এছাড়া অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষের দিন কয়েক আগে ৯ ফেব্রুয়ারি সই হয় ‘এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড (এআরটি) নামের ঢাকা-ওয়াশিংটন বাণিজ্য চুক্তি। বিএনপি সরকার ক্ষমতায় এসে এ চুক্তি এগিয়ে নেওয়ার পক্ষেই সায় দেয়। পরে বোয়িং কেনার চুক্তিও করে।
এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র থেকে সহায়তা বাড়ার আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী।
