নেপালে আকস্মিক বন্যায় ৫ জন নিখোঁজ
নেপালে আরও একটি ভয়াবহ আকস্মিক বন্যায় পাঁচজন নিখোঁজ হয়েছেন। নেপালের সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছে।
সেনাবাহিনী জানিয়েছে, ভূমিধসের ফলে মাটি ও বালি জমে একটি নদী অবরুদ্ধ করার পর রবিবার গোর্খা জেলার কেন্দ্রীয় অংশে কাদা ধসের ঘটনা ঘটেছে।
অ্যাসোসিয়েটেড প্রেসের ফুটেজে দেখা গেছে, পাহাড়বেষ্টিত একটি উপত্যকার মধ্য দিয়ে ঘোলা নদীর পানি প্রবল বেগে বয়ে যাচ্ছে, যার ফলে নিকটবর্তী বাসিন্দারা উঁচু স্থানে সরে যেতে বাধ্য হচ্ছেন।
নেপালি কর্তৃপক্ষ নদী তীরবর্তী বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছে।
স্থানীয় গণমাধ্যম জানায়, প্রায় ৪০টি বাড়ি ও বেশ কয়েকটি সেতু ভেসে গেছে এবং একটি জলবিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
সেনাবাহিনী জানিয়েছে, তাদের সেনারা এ পর্যন্ত ৪০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করেছে।